২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুতই শুরু চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নির্মাণ: উপাচার্য

ফৌজদারহাটে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. ইসমাইল খান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 08:57 PM

Updated : 10 Oct 2022, 08:53 PM

শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডি ভবনে আয়োজিত ‘অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ইসমাইল খান বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল স্থাপত্য নকশার কাজ সম্পন্ন হয়েছে। অতি দ্রুতই এর পরবর্তী নির্মাণ প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, এসডিজি লক্ষ্যমাত্রার সাতটি গোলের মধ্যে চতুর্থ শিক্ষা এবং তৃতীয় স্বাস্থ্য। দুইটি লক্ষ্যের দায়িত্বই অনেকাংশে চিকিৎসা শিক্ষার সাথে যারা জড়িত তাদের উপর বর্তায়।

“কাজেই প্রত্যেকটি মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও অন্যান্য হেলথ ইন্সটিটিউটের নিজস্ব লক্ষ্য স্থির করতে হবে, যাতে সামগ্রিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তারা অবদান রাখতে পারে।”

ফৌজদারহাটের বিআইটিআইডি ভবনে অস্থায়ীভাবে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপাচার্য ইসমাইল খান।

শনিবারের সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব মো. খালেদ।

এতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৭টি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের (মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, বিএমডিসি, হেলথ ইন্সটিটিউট) অধ্যক্ষরা।

উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান সেমিনারে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে মূল বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন ইউজিসির অতিরিক্ত পরিচালক জাফর আহমেদ জাহাঙ্গীর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ সচিব জাকিয়া পারভিন, ইউজিসির উপ সচিব শাহীন সিরাজ প্রমুখ।