চট্টগ্রামে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলাদা অভিযানে প্রায় সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার নগরীর শাহ আমানত সেতু গোল চত্ত্বর এবং পুরাতন স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- শওকত ইসলাম (২৪) ও মো. আরমান (১৮)।
অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু গোল চত্ত্বরে বিআরটিসি’র একটি বাসে তল্লাশি চালিয়ে শওকতকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরেরে অপর একটি দল পুরাতন রেল স্টেশন রোড থেকে আরমানকে দুই হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শওকত ও আরমানের বিরুদ্ধে বাকলিয়া ও কোতোয়ালী থানায় আলাদা দুইটি মামলা করা হয়েছে।
এদিকে নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করা হয় বলে জানান শামীম।
পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় বলে জানান তিনি।
