২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনঃনিরীক্ষণে চট্টগ্রামে ২৯৩ জেএসসি পরীক্ষার্থীর ফল পরিবর্তন

পুনঃনিরীক্ষণের পর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২৯৩ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে, যার মধ্যে ফেল থেকে পাস করেছে ২৩ জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2019, 05:39 PM

Updated : 18 Aug 2022, 04:44 PM

বৃহস্পতিবার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান এ তথ্য জানান। 

গত ২৪ ডিসেম্বর মে ফলাফল ঘোষণার পরদিন থেকে ২ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদনের সময় ছিল।

পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবছর জেএসসি পরীক্ষায় ১১ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী ১৬ হাজার চারটি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল।  

“এর মধ্যে মোট ২৯৩ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। যার মধ্যে ফেল থেকে পাশ করেছে ২৩ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ১০৩ জন।”

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এক হাজার ২৪০ টি স্কুলের দুই লাখ দুই হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ছাত্রী এক লাখ ১৪ হাজার ২৮৪ জন এবং ছাত্র ৯১ হাজার ১৩ জন।

গত ২৪ ডিসেম্বর ঘোষিত ফলাফলে পাসের হার ৮১ দশমিক ৫২ শতাংশ। যা গতবার ছিল ৮১ দশমিক ১৭ শতাংশ।

তবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী গত বারের চেয়ে প্রায় অর্ধেক কমে দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২৩১ জনে। পুনঃনিরীক্ষণের পর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৩৪ জনে।

পুরনো খবর:

জেএসসির ১৬০০০ উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন