ধুলোয় পড়ে থাকা শিশুটির নাড়ির যোগ তখনও ছিল
রাস্তার নালার পাশে শীতে কাতর পড়ে আছে মানসিক প্রতিবন্ধী মা, পাশেই পথের ধুলায় মাখামাখি হয়ে তারস্বরে চিৎকার করছিল সদ্যজাত কন্যা শিশুটি; তখনও সে মায়ের নাড়িতে জড়িয়ে।
এক সহকর্মীর কাছে খবর পেয়ে ছোটেন এসআই মাসুদুর রহমান; দ্রুত দুইজনকে নিয়ে যান হাসপাতালে। বেঁচে যায় দু’টি প্রাণ।
ঘটনাটি সোমবার রাতে বন্দর নগরীর আগ্রাবাদ জাতিতাত্বিক জাদুঘর এলাকার। অদূরেই ডবলমুরিং থানার দেওয়ানহাট পুলিশ ফাঁড়ি; এসআই মাসুদুর রহমান তার ইনচার্জ ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে জাদুঘরের কাছে গ্রামীণফোন সেন্টারের সামনের ফুটপাতে শিশুটির জন্ম হয়।
“শিশুটির মা রোজিনা জাদুঘরের সামনের ফুটপাতেই থাকেন। তিনি মানসিকভাবে সুস্থ নন। দিনের বেলা তিনি আশপাশেই থাকেন।”
পথের পাশ থেকে উদ্ধার করা শিশু
মাসুদুর রহমান বলেন, “গিয়ে দেখি রাস্তায় ধুলাবালির মধ্যেই শিশুটি পড়ে আছে, খুব কাঁদছে। শিশুটির মাও নালার পাশে শুয়ে আছে। তখনও নাড়ি কাটা হয়নি।
“এ অবস্থা দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমিও তো একজন মায়ের সন্তান।”
এরপর শিশু ও তার মাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যান তিনি। তাদের হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।
হাসপাতালের পরিচালক (প্রশাসন) নূরুল হক বলেন, মা ও শিশুটি সুস্থ আছে।
রোজিনা নামের ওই নারী সন্দ্বীপের বাসিন্দা বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
