সীতাকুণ্ডে বাসার সামনে মাদ্রাসা শিক্ষককে ছুরিতে হত্যা
সীতাকুণ্ডে এক মাদ্রাসা শিক্ষককে তার বাসার সামনেই ছুরি মেরে হত্যা করেছে মাদকাসক্তরা।
সোমবার রাত ১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড রেলওয়ে কলোনিতে এ ঘটনা ঘটে বলে সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন জানিয়েছেন।
নিহত ইমরান হোসেন রিয়াদ (২৮) সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি পরিবারের সাথে রেলওয়ে কলোনিতেই থাকতেন। তার বাবার নাম সারোয়ার হোসেন।
ওসি দেলোয়ার হোসেনের ভাষ্য, রাতে কিছু মাদকাসক্ত যুবক তাদের ঘরের বারান্দার বৈদ্যুতিক বাতি ভেঙ্গে দেয়। সে সময় রিয়াদের মা ঘরের বাইরে এলে তাকে গালিগালাজ করে মাদকাসক্তরা।
“হট্টগোল শুনে রিয়াদ ঘরের বাইরে আসলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এই ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি।
