পতেঙ্গায় ‘মারধরে’ যুবকের মৃত্যু
চট্টগ্রামের পতেঙ্গা থানার মাইজপাড়া এলাকায় পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. ফারুক (২৭) উত্তর পতেঙ্গার তিন তলা মসজিদ সংলগ্ন এলাহি বক্স বাড়ির বাসিন্দা মৃত খাজা আহমেদের ছেলে।
এলাকায় তার মোবাইল ফোন রিচার্জের একটি দোকান আছে।
পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরাতন কন্ট্রোলের মোড় এলাকায় গভীর রাতে ফারুককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দেয় পরিচিত একজন নিরপত্তারক্ষী।
“পরিবারের সদস্যরা এসে তাকে বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। ভোরে ফারুক মারা যায়।”
ওসি উৎপল বলেন, “ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিক ধারণা হচ্ছে- একাধিক ব্যক্তি তাকে লাঠি দিয়ে মারধর করেছে। কয়েক মাস আগে ফারুক ১২-১৪টি মোবাইল ফোনসহ গ্রেপ্তার হয়েছিল। পরে সে জামিনে মুক্ত হয়।”
ফারুকের মৃত্যুর কারণ অনুন্ধান করা হচ্ছে বলে জানান ওসি।
