২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রবাসী সহায়তা ডেস্ক’ চালু করল চট্টগ্রাম জেলা পুলিশ

বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিদের সমস্যা সমাধানের জন্য চট্টগ্রামের জেলা পুলিশের পক্ষ থেকে ‘প্রবাসী সহায়তা ডেস্ক’ চালু করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2019, 08:09 PM

Updated : 10 Oct 2022, 08:49 PM

শনিবার বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এ বিশেষ ডেস্কের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।

অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের নেতা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রবাসীদের জন্য চালু হওয়া এ হেল্পডেস্ক ২৪ ঘণ্টা সচল থাকবে জানিয়ে পুলিশ কর্মকর্তরা বলেন, একটি হটলাইন নম্বর (০১৭৬৯৬৯৪২৭৪), ইমেইল (spchittagong@police.gov.bd / dsbchittagong@police.gov.bd), হোয়াটস্যাপে চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীরা তাদের যেকোনো সমস্যা, অভিযোগ করতে পারবেন।

আর অভিযোগের ভিত্তিতে জেলার পুলিশ সুপার থেকে প্রত্যেক পর্যায়ের কর্মকর্তা এবং থানার ওসিরা অগ্রাধিকার দিয়ে প্রবাসীদের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ কে এম এমরান ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রবাসীদের পরিবারের বিভিন্ন সমস্যা, বিশেষ করে নিরাপত্তা, প্রবাসীদের পাসপোর্ট তৈরি, জায়গা জমির উত্তরাধিকার সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন সমস্যায় তারা হয়রানির শিকার হন। এসব সমস্যা থেকে দ্রুত সমাধানের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এ হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

অনুষ্ঠানে পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, “প্রত্যেক থানায় এ হেল্প ডেস্ক থাকবে। সমস্যা থাকলে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। শুধু লোক দেখানো নয় , প্রকৃত অর্থেই প্রবাসীদের কল্যাণে এ ডেস্ক কাজ করবে।”

দূতাবাস, ইমিগ্রেশন প্রক্রিয়ার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সমস্যা কমাতে সংশ্লিষ্ট বিভাগকে বলা হবে বলে জানান তিনি।

“পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হেল্প ডেস্ক আছে। সেখানে কোনো অভিযোগ করলে পুলিশ সদর দপ্তর হয়ে পুলিশের কাছে আসে। আমরা রুটিন ওয়ার্কের মতো তা সমাধানের চেষ্টা করি। এখন আমরা ডেস্ক চালু করেছি। প্রবাসীরা সরাসরি অভিযোগ দেবেন। দ্রুত সমাধানের চেষ্টা করব।”

প্রবাসীদের কারণে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী বলেন, “প্রবাসীরা বিভিন্ন সময়ে হয়রানির শিকার হয়ে থাকে। এ থেকে উত্তরণ দরকার। কিছু অসৎ ব্যক্তির কারণে বিদেশে বাংলাদেশিদের হেয় হতে হয়। এ থেকেও উত্তরণ দরকার।”

আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল বলেন, বাংলাদেশ থেকে বিদেশে বসবাসকারীদের দুই-তৃতীয়াংশই মধ্যপ্রাচ্যে বসবাস করেন। আবার এদের বড় একটা অংশ চট্টগ্রামের।

তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া দরকার বলে মত দেন তিনি।