প্রবাসীদের জন্য দরজা সবসময় খোলা: মেয়র নাছির
বিশ্বের বিভিন্ন দেশে থাকা চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের সমস্যা সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের কনফারেন্স হলে ওমানের চট্টগ্রাম সমিতির প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
মতবিনিময়ে সমিতির নেতারা বলেন, ওমানে আট লাখ প্রবাসী বাংলাদেশির ৬০ শতাংশই গেছেন চট্টগ্রাম থেকে। ব্যবসা-বাণিজ্য, চাকরিসহ নানা পেশায় সম্পৃক্ত এই প্রবাসীরা দেশের রেমিটেন্স প্রবাহে বড় ধরনের অবদান রাখছেন।
ওমানে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথাও এ সময় সিটি মেয়রের কাছে তুলে ধরেন তারা।
মেয়র নাছির প্রতিশ্রুতি দেন, প্রবাসীরা কোনো সমস্যা নিয়ে এলে সর্বোচ্চ গুরুত্ব দেবেন তিনি।
“দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখছে প্রবাসীরা। রেমিটেন্সযোদ্ধা খ্যাত প্রবাসীদের জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”
প্রবাসীদের পাশে দাঁড়ানো এবং দেশে তাদের সমস্যাগুলো নিরসনে সবারই দায়িত্ব রয়েছে মন্তব্য করে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির বলেন, “আমার দরজা প্রবাসীদের জন্য সবসময় খোলা থাকবে।”
ওমানে চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে অন্যদের মধ্যে সমিতির উপদেষ্টা মো. সামসুল আজিম আনছার, সহ সংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক মো. ইব্রাহিম চৌধুরী, আপ্যায়ন সম্পাদক আজিজুর রহমান, সদস্য আলম সিকদার, নুরুল আলম ও সফিউল আলম এবং সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ উপস্থিত ছিলেন।
