২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের নতুন কৌশল

হাতে ভাঙা স্মার্টফোন। রাস্তায় ভিড়ের মধ্যে টার্গেট করা ব্যক্তির সঙ্গে ইচ্ছেকৃতভাবে ধাক্কা লাগার পর সেই মোবাইল ফেলে দেওয়া হয়। পরে ফোন ভাঙার ‘অভিযোগ’ তুলে টার্গেট করা ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা-পয়সা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2019, 06:30 PM

Updated : 08 Apr 2022, 03:39 PM

বন্দরনগরীর পুলিশ বলছে, চট্টগ্রামে নতুন এই কৌশলে ছিনতাইয়ে নেমেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে চক্রের সদস্য যুবককে গ্রেপ্তারও করেছে পুলিশ। গ্রেপ্তার শাহাদাত হোসেন ওরফে সাজ্জাদ (২৬) পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মো. ইসমাইলের ছেলে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারভেজ নামের আরেক যুবকককে নিয়ে শাহাদাত এইভাবে ছিনতাই করে আসছিল।

ওসি বলেন, “ছিনতাইয়ের জন্য শাহাদাত ও পারভেজের অন্যতম অস্ত্র ভাঙা মোবাইল সেট। সেটটি হাতে নিয়ে তারা আমতল, আন্দরকিল্লা, টেরিবাজার, কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারসহ বিভিন্ন জনাকীর্ণ এলাকায় ঘুরে বেড়ায়।

“এসময় তারা তাদের টার্গেট করা ব্যক্তির সঙ্গে ইচ্ছেকৃতভাবে ধাক্কা লেগে হাত থেকে মোবাইলটি ফেলে দেয় এবং ফোন ভাঙার অভিযোগ তুলে ওই ব্যক্তির কাছ থেকে তা মেরামতের টাকা দাবি করে।

“পরে দোকানে ফোন ঠিক করানোর কথা বলে ওই ব্যক্তিকে অটোরিকশায় উঠিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকাপয়সা হাতিয়ে নেয়।”

ওসি মহসিন বলেন, “গত এক সপ্তাহে তারা এ ধরনের কয়েকটি কাজ করেছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে।”

সোমবার রাতে আমতল এলাকা থেকে শাহাদাতকে গ্রেপ্তার করা হলেও পারভেজ পালিয়ে যায়। শাহাদাতকে ছিনতাইয়ের অভিযোগে আগেও গ্রেপ্তার করেছিল কোতোয়ালী থানা পুলিশ।

তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় আগেরও কয়েকটি মামলা আছে বলে জানান ওসি মহসিন।