ভোটের আগেই ভোট করেছে সরকার: খসরু
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট শুরুর আগে রাতেই কেন্দ্র দখলে নিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার নির্বাচনের দিন দুপুরে চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে ধানের শীষে প্রার্থী খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোট গতকাল রাত ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে হয়ে গেছে। অবশিষ্ট যেগুলো ছিল সেসব আমাদের এজেন্টদের বের করে দিয়ে সিল মারা হয়েছে।
“গতকালকে রাতে ও আজকে সকালে পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা মিলে আমাদের কর্মী ও এজেন্টদের গ্রেপ্তার ও মারধর করেছে। আমাদের এজেন্টরা শতভাগ কাগজপত্র নিয়ে কেন্দ্রে গেলেও তাদের বের করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি।”
আমীর খসরু বলেন, “এটি সরকারের পরিকল্পনার অংশ। সরকারের সাথে আমাদের নির্বাচন হয়েছে।”
ভোটের তিন দিন আগে সরকার ‘সাজানো নির্বাচনী প্রকল্প’ করে তা রোববার বাস্তবায়ন করে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।
নগরীর কাজীরদেউড়ির একটি কেন্দ্রে ভোটারদের সারি
তিনি বলেন, “সমাজের মধ্যে সকলের সহাবস্থানও নষ্ট করে দেওয়া হয়েছে।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১১ আসনে রয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান কেন্দ্র চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) এবং কর্ণফুলী ইপিজেড। এই আসনে দুই প্রধান দলেরই প্রার্থী হন দুই ব্যবসায়ী।
আওয়ামী লীগের প্রার্থী গত দুই বারের সাংসদ এম এ লতিফ। ব্যবসায়ী সংগঠনের নেতা লতিফ ২০০৮ সালের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগে সক্রিয় হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য। ২০০৮ সালের নির্বাচনেও তিনি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরীও ১৯৯১ সালের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে জয়ী হয়ে সক্রিয় হন রাজনীতিতে। তিনি এখন দলের স্থায়ী কমিটির সদস্য।
চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু নিয়মিত প্রচারে থাকলেও পোস্টার-ব্যানার লাগানোতে পিছিয়ে ছিলেন নৌকার প্রার্থী লতিফের চেয়ে।
চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে। এই আসনের মোট ভোটার ৫ লাখ ৭ হাজার ৪০৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৬১ হাজার ৩৪ জন এবং নারী ২ লাখ ৪৬ হাজার ৩৭১ জন।
