২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনী পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2018, 09:14 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

একাদশ সংসদ নির্বাচনে প্রচারের শেষ দিন বৃহস্পতিবার বিকালে নগরীর মেহেদীবাগের বাড়িতে সাংবাদিকদের একথা বলেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের এই প্রার্থী।

সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, “দুটি রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন হচ্ছে বলে মনে হচ্ছে না। সরকারি সংস্থাগুলো যেভাবে নির্বাচনী কাজে সংশ্লিষ্ট হয়েছে এবং তাদের উদ্যোগ দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে সরকারি দলের প্রার্থীদের পাস করিয়ে আনার জন্য তাদের ব্যবহার করা হচ্ছে।

“নির্বাচন এমন জায়গায় দাঁড়িয়েছে সরকার বনাম বিরোধীদল। ক্রমান্বয়ে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। আগে পুলিশ বাড়ি বাড়ি হানা দিয়েছিল। এখন তাদের সাথে আইনশৃঙ্কলা বাহিনীর অন্যান্য সদস্যরাও যুক্ত হয়েছে।

“প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক দলের মধ্যে হলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা যায়। কিন্তু রাষ্ট্র যখন প্রতিপক্ষ হয়ে যায়, তখন তা মোকাবেলা করার শক্তি জনগণের থাকে না।”

এই অবস্থায় নির্বাচন কার্যক্রম পরিচালনা আরও কঠিন হচ্ছে, বলেন এই বিএনপি নেতা।

নানা মামলার পাশাপাশি এখন ‘জালনোট ও পেট্রোল বোমা দিয়ে’ বিএনপির কর্মীদের ধরা হচ্ছে বলে অভিযোগ করেন আমীর খসরু। 

তিনি বলেন, সরকার তাদের ‘সাজানো নির্বাচনী প্রকল্প’ একে একে বাস্তবায়ন করছে।

আমীর খসরু বলেন, “বিভিন্ন নেতাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চলছে। নগরীর সিডিএ মার্কেট এলাকা এবং সদরঘাট এলাকায় দুই দলীয় কর্মীকে গ্রেপ্তারে বাড়িতে তল্লাশি চালাতে গেলে তাদের মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।”

এরপর নির্বাচনের মাঠে থাকবেন জানিয়ে তিনি বলেন, “তারপরও জনগণ বিশেষ করে তরুণ ভোটাররা সবকিছু উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাবে, আমরা এটা মনে করি।”