২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৬ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় ৩২ প্রার্থী

চট্টগ্রামের ১৬টি আসনে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন দুই জোটের ৩২ প্রার্থীর মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2018, 08:53 PM

Updated : 19 Aug 2022, 03:06 PM

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার মোট এক হাজার ৮৯৯টি কেন্দ্রে মোট ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬১ জন ভোটার ভোট দেবেন। এরমধ্যে পুরুষ ২৯ লাখ ১২ হাজার ৭২ জন এবং নারী ২৭ লাখ ২৫ হাজার ৩৮৯ জন।

নগরী ও জেলার মোট ১৬ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের নৌকা প্রতীকের প্রার্থী ১৫ জন, এর একজন লড়ছেন লাঙ্গল নিয়ে। এদের মধ্যে ১৩ জন আওয়ামী লীগের, একজন বাংলাদেশ জাসদের, একজন তরিকত ফেডারেশনের এবং একজন জাতীয় পার্টির।

অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ১৬ জন। তাদের মধ্যে বিএনপির ১২ জন, এলডিপির দুজন, জামায়াতে ইসলামীর একজন এবং কল্যাণ পার্টির একজন প্রার্থী হয়েছেন।

শনিবার রাতে চট্টগ্রামের জেলা প্রশাসক এবং ১০টি আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

“ভোট গ্রহণের সব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। চট্টগ্রাম খুবই টাফ জায়গা তবে এখন পর্যন্ত পরিস্থিতি দেখে আমরা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে আশাবাদী।”

চট্টগ্রামের প্রবেশদ্বার খ্যাত চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের প্রার্থী দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রবীণ এই রাজনীতিবিদের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির ধানের শীষের প্রার্থী উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনের।

এখানে তিন লাখ ১৫ হাজার ১৬ জন ভোটারের মধ্যে এক লাখ ৫৯ হাজার ৫৪২ জন পুরুষ এবং এক লাখ ৫৫ হাজার ৪৭৪ জন নারী ভোটার ভোট দেবেন মোট ১০৪টি কেন্দ্রের ৬২৯ ভোট কক্ষে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনটি ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফের জন্য। হালদা নদী ও ধুরং খালকে ঘিরে আবর্তিত এখানকার নিম্ন আয়ের মানুষের জীবন। নদী ও খালের ভাঙ্গন রোধই এখানকার ভোটারদের মূল দাবি।

এ আসনে লড়ছেন মাইজভান্ডার পরিবারের দুই সদস্য। নৌকা প্রতীক নিয়ে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি এবং মোমবাতি প্রতীক নিয়ে ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি প্রার্থী এখানে। এখানে ধানের শীষের প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা আজিম উল্লাহ বাহার। এ আসনে লড়াই হবে ত্রিমুখী।

এখানে তিন লাখ ৭৬ হাজার ৪৮৫ জন ভোটারের মধ্যে এক লাখ ৯১ হাজার ৬১০ জন পুরুষ এবং এক লাখ ৮৪ হাজার ৮৭৫ জন নারী ভোটার ভোট দেবেন মোট ১৩৬টি কেন্দ্রের ৬৯২ ভোট কক্ষে।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনটি মূল ভূ-খণ্ডের সাথে বিচ্ছিন্ন এক দ্বীপ। যোগাযোগ ব্যবস্থার সংকট এবং উন্নয়ন প্রত্যাশা এই অঞ্চলের ভোটারদের মূল ইস্যু।

এখানে নৌকার প্রার্থী বর্তমান সাংসদ মাহফুজুর রহমান মিতা এবং বিএনপির ধানের শীষের প্রার্থী একাধিকবারের সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা।

এখানে দুই লাখ দুই হাজার ৬৩৫ জন ভোটারের মধ্যে এক লাখ ৪৮০ জন পুরুষ এবং এক লাখ দুই হাজার ১৫৫ জন নারী ভোটার ভোট দেবেন মোট ৭৯টি কেন্দ্রের ৩৬৫ ভোট কক্ষে।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনটি পরিচিত শিল্পাঞ্চল হিসেবে। এখানে মূল লড়াই হবে নৌকার প্রার্থী দিদারুল আলমের সঙ্গে ধানের শীষের প্রার্থী আসলাম চৌধুরীর।

ঋণ খেলাপির অভিযোগে বাছাইতে বাতিল হলেও শেষ মুহূর্তে কারাবন্দী আসলাম চৌধুরীর প্রার্থীতা বৈধ হওয়ার আগ পর্যন্ত এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন তারই ভাই ইসহাক কাদের চৌধুরী। পুরো প্রচারণার সময় জুড়ে বিএনপি নেতাকর্মীরা তার জন্যই ভোট চেয়েছেন।

সব শেষ শুক্রবার এক সংবাদ সম্মেলন করে ইসহাক কাদের চৌধুরীর ছেলে শাহরিয়ার হোসেন চৌধুরী আহ্বান জানান, প্রার্থী যেই হোক ধানের শীষে ভোট দিন।

এখানে তিন লাখ ৯৩ হাজার ২২৮ জন ভোটারের মধ্যে দুই লাখ সাত হাজার ৪৫০ জন পুরুষ এবং এক লাখ ৮৫ হাজার ৭৭৮ জন নারী ভোটার ভোট দেবেন মোট ১০৮টি কেন্দ্রের ৭৪৭ ভোট কক্ষে।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে লড়াই দুই জোটের ‍দুই শরিকের মধ্যে। এখানে আওয়ামী লীগ ও বিএনপি কারো প্রার্থী নেই।

মহাজোটের প্রার্থী লাঙ্গল মার্কা নিয়ে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এবং ঐক্যফ্রন্টের প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

এখানে চার লাখ ৩০ হাজার ১২৪ জন ভোটারের মধ্যে দুই লাখ ২১ হাজার ১৪৮ জন পুরুষ এবং দুই লাখ আট হাজার ৯৭৬ জন নারী ভোটার ভোট দেবেন মোট ১৪০টি কেন্দ্রের ৭৪৯ ভোট কক্ষে।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনটিতে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বী ভোটারের বসবাস। এখানে প্রার্থী মাত্র তিনজন। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী এবং বিএনপির প্রার্থী জসীম উদ্দীন সিকদার।

এখানে দুই লাখ ৭০ হাজার ৭৬০ জন ভোটারের মধ্যে এক লাখ ৩৯ হাজার ৮০৯ জন পুরুষ এবং এক লাখ ৩০ হাজার ৯৫১ জন নারী ভোটার ভোট দেবেন মোট ৮৪টি কেন্দ্রের ৪৭১ ভোট কক্ষে।

নদী-পাহাড় ঘেরা চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে লড়াই হবে আওয়ামী লীগের সাথে এলডিপির প্রার্থীর। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী দলটির প্রচার সম্পাদক হাছান মাহমুদ এবং বিএনপি জোটের প্রার্থী এলডিপির মো. নুরুল আলম।

এখানে দুই লাখ ৬৯ হাজার ৩৩২ জন ভোটারের মধ্যে এক লাখ ৩৯ হাজার ৫৪৩ জন পুরুষ এবং এক লাখ ২৯ হাজার ৭৮৯ জন নারী ভোটার ভোট দেবেন মোট ৯৬টি কেন্দ্রের ৪৭১ ভোট কক্ষে।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ভোটের মূল ইস্যু কালুরঘাট সেতু নির্মাণ।

এখানে মহাজোটের প্রার্থী নৌকা প্রতীকে বাংলাদেশ জাসদের মঈনুদ্দিন খান বাদল এবং বিএনপির ধানের শীষের প্রার্থী নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান।

এখানে চার লাখ ৭৫ হাজার ৯৯৬ জন ভোটারের মধ্যে দুই লাখ ৪১ হাজার ৯২২ জন পুরুষ এবং দুই লাখ ৩৪ হাজার ৭৪ জন নারী ভোটার ভোট দেবেন মোট ১৭০টি কেন্দ্রের ৮৫০ ভোট কক্ষে।

নগরীর প্রাণকেন্দ্রে কোতোয়ালী-বাকলিয়া অঞ্চল নিয়ে গঠিত চট্টগ্রাম-৯ আসন। চট্টগ্রামের এই আসনটিতেই জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণকরা হবে।

এখানে আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কা নিয়ে মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ধানের শীষের প্রার্থী বিএনপির নগর সভাপতি শাহাদাত হোসেন। ধানের শীষের প্রার্থী কারাগারে থেকেই নির্বাচন করছেন।

এখানে তিন লাখ ৯০ হাজার ৪৩১ জন ভোটারের মধ্যে দুই লাখ চার হাজার ২০৬ জন পুরুষ এবং এক লাখ ৮৬ হাজার ২২৫ জন নারী ভোটার ভোট দেবেন মোট ১৪৪টি কেন্দ্রের ৯২০ ভোট কক্ষে।

নগরীর কেন্দ্রস্থলের আরেক আসন চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর)। এখানে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ আফসারুল আমীন এবং বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

এখানে চার লাখ ৬৯ হাজার ৩১৪ জন ভোটারের মধ্যে দুই লাখ ৪০ হাজার ২২৫ জন পুরুষ এবং দুই লাখ ২৯ হাজার ৬৩ জন নারী ভোটার ভোট দেবেন মোট ১১৭টি কেন্দ্রের ৮৪৮ ভোট কক্ষে।

চট্টগ্রাম বন্দর ও দুটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন। এই আসনে লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী দুই ব্যবসায়ী নেতার মধ্যে।

এখানে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং নৌকার প্রার্থী নগর আওয়ামী লীগ সদস্য এম এ লতিফ।

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোটর এ আসনে। এখানে পাঁচ লাখ সাত হাজার ৪০৫ জন ভোটারের মধ্যে দুই লাখ ৬১ হাজার ৩৪ জন পুরুষ এবং দুই লাখ ৪৬ হাজার ৩৭১ জন নারী ভোটার ভোট দেবেন মোট ১৪৩টি কেন্দ্রের ৯১৮ ভোট কক্ষে।

দক্ষিণ চট্টগ্রামের উপজেলা পটিয়া নিয়েই চট্টগ্রাম-১২ আসন। এখানে মূল লড়াই নৌকা ও ধানের শীষে।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাংসদ সামশুল হক চৌধুরী এবং বিএনপির প্রার্থী নতুন মুখ ব্যবসায়ী নেতা এনামুল হক এনাম।

এখানে দুই লাখ ৮৫ হাজার ৯৬৬ জন ভোটারের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৩৫১ জন পুরুষ এবং এক লাখ ৩৬ হাজার ৬১৫ জন নারী ভোটার ভোট দেবেন মোট ১১১টি কেন্দ্রের ৬৭৯ ভোট কক্ষে।

কর্ণফুলীর দক্ষিণ তীরের নগরীর উপকণ্ঠের চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনটি। এখানে মূল লড়াই হবে আওয়ামী লীগ প্রার্থীর সাথে বিএনপি প্রার্থীর।

এ আসনে নৌকার প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং ধানের শীষের প্রার্থী সারোয়ার জামাল নিজাম।

এখানে তিন লাখ ১০ হাজার ৪৬৬ জন ভোটারের মধ্যে এক লাখ ৬২ হাজার ৭১৭ জন পুরুষ এবং এক লাখ ৪৭ হাজার ৭৪৯ জন নারী ভোটার ভোট দেবেন মোট ১০৬টি কেন্দ্রের ৬৫৬ ভোট কক্ষে।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) উপজেলার মূল প্রতিদ্বন্দ্বী এলডিপির নেতা অলি আহমদ আর আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী।

এখানে দুই লাখ ৪৯ হাজার ৪৩ জন ভোটারের মধ্যে এক লাখ ৩০ হাজার ৪০২ জন পুরুষ এবং এক লাখ ১৮ হাজার ৬৪১ জন নারী ভোটার ভোট দেবেন মোট ১০৪টি কেন্দ্রের ৫৩০ ভোট কক্ষে।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনটিতেই চট্টগ্রামে একমাত্র জামায়াতে ইসলামীর নেতা আ ন ম শামসুল ইসলাম ধানের শীষের প্রার্থী হিসেবে আছেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

এখানে তিন লাখ ৮৮ হাজার ১৩৭ জন ভোটারের মধ্যে দুই লাখ চার হাজার ১৭০ জন পুরুষ এবং এক লাখ ৮৩ হাজার ৯৬৭ জন নারী ভোটার ভোট দেবেন মোট ১৪৭টি কেন্দ্রের ৭৭২ ভোট কক্ষে।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে লড়াই চর্তুমুখী হবে বলে ভোটারদের ধারণা। এই আসেন নৌকা, ধানের শীষ, লাঙ্গলের পাশাপাশি জামায়াতে ইসলামীর প্রার্থীও আছে স্বতন্ত্র হিসেবে।

এখানে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী, ধানের শীষের প্রার্থী সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী সাবেক সাংসদ ও সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী এবং জামায়াত নেতা জহিরুল ইসলাম আপেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী।

এখানে তিন লাখ তিন হাজার ১২৩ জন ভোটারের মধ্যে এক লাখ ৫৮ হাজার ৪৩৭ জন পুরুষ এবং এক লাখ ৪৪ হাজার ৬৮৬ জন নারী ভোটার ভোট দেবেন মোট ১১০টি কেন্দ্রের ৫৯০ ভোট কক্ষে।