২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

চট্টগ্রামে কভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাআরোহী এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও দুইজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2018, 06:58 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

শুক্রবার মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভার্ড ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান।

নিহতরা হলেন- সুলতান আহমেদ (২৮) ও তার এক বছর বয়েসী মেয়ে ইসরাত মুনতাহা। সুলতানের স্ত্রী রোজিনা (২১) ও ও অটোরিকশা চালক নেজাম উদ্দিনকে (৪০) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জসীম বলেন, চট্টগ্রামের দিকে আসা একটি কভার্ড ভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সংঘর্ষ হলে সুলতান ও তার মেয়ে ঘটনাস্থল্টে মারা যায়।

ফায়ার সার্ভিস মিরসরাই স্টেশনের কর্মকর্তা রবিউল আজম জানান, অটোরিকশাটি উল্টোপথে বড়তাকিয়া বাজারের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর কভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত দুইজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।