কারাবন্দি শাহাদাতের জন্য ভোট চাইলেন মা
কারাবন্দি ছেলেকে মুক্ত করতে ধানের শীষে ভোট চাইলেন চট্টগ্রাম-৯ (কোতয়ালী-বাকলিয়া) আসনের বিএনপিপ্রার্থী শাহাদাত হোসেনের মা শায়েস্তা খানম।
বৃহস্পতিবার বিকালে নির্বাচনী প্রচারের শেষদিনে নগরীর বাদশা মিয়া রোডের বাসভবনে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের ভোটারদের কাছে এ আবেদন জানান তিনি।
মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন কারাবন্দি থাকায় তার পক্ষে দলীয় নেতাকর্মীরা এতদিন বাধা-বিপত্তি নিয়ে নির্বাচনী প্রচার চালিয়েছেন।
সংবাদ সম্মেলনে শায়েস্তা খানম বলেন, “আমার ছেলেকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছে। আমরা বাসায় থাকতে পারছি না। নির্বাচনী প্রচার করতে পারছি না।”
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, “ধানের শীষে ভোট দিয়ে আমার ছেলেকে মুক্ত করবেন এ অনুরোধ করছি। মা হয়ে ছেলের জন্য এ অনুরোধ করছি।’’
শায়েস্তা খানম বাকলিয়ার জাইল্লা পাড়া গার্লস স্কুলে ৩০ ডিসেম্বর সকালে ভোট দিতে যাবেন বলেও জানান।
চট্টগ্রাম-৯ আসনে বিএনপি প্রার্থীর বিপরীতে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়ছেন সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সংবাদ সম্মেলনে কারাবন্দি শাহাদাতের প্রধান নির্বাচন সমন্বয়ক বদরুল আনোয়ার বলেন, “আমাদের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় পদে পদে বাধা দেওয়া হয়েছে, গায়েবি মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তার অব্যাহত আছে। ভোটের প্রচার সকলের জন্য। কিন্তু আমরা সে জায়গায় যেতে পারছি না।”
নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কাছে অভিযোগের পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না দাবি করে তিনি বলেন, “আমরা এদেশের নাগরিক। বিচার চেয়ে পাচ্ছি না।”
আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনে এসছেন উল্লেখ করে বদরুল বলেন, “একানব্বইয়ের পর প্রথমবারের মতো দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগের সুযোগ ছিল সুষ্ঠু নির্বাচন করে ইতিহাসের অংশ হওয়ার।
“কিন্তু তারা নির্বাচনে জেতার জন্য প্ল্যান মোতাবেক সব করছে। প্রচারণায় বাধা দিলেও আমরা কৌশলে কাজ করেছি।”
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
