২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পেট্রোল বোমাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামে ১৮টি পেট্রোল বোমাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তারের পর খবর দিয়েছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2018, 04:17 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

নগরীর খুলশী থানার টাইগার পাস থেকে বুধবার গভীর রাতে গ্রেপ্তাররা বিএনপির রাজনীতিতে জড়িত বলে পুলিশের দাবি।

গ্রেপ্তাররা হলেন- খুলশী থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টাইগার পাস এলাকায় চেক পোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

“রাত আড়াইটার দিকে টাইগার পাস এলাকায় আমবাগান সড়কের মুখে গোয়েন্দা পুলিশের একটি দল চেকপোস্ট করে। এসময় আমবাগানের দিক থেকে টাইগার পাসের দিকে আসা একটি অটোরিকশা তল্লাশি করে ১৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।”

এসময় গাড়িতে থাকা রুহুল আমিন ও জাবেদকে গ্রেপ্তার করা হয় বলে জানান কামরুজ্জামান।