এক মাইজভাণ্ডারীর উপর আরেক মাইজভাণ্ডারীর হামলা
চট্টগ্রামের ফটিকছড়িতে ইসলামী ফ্রন্টের প্রচারের গাড়ি এবং নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী মোমবাতি প্রতীকে ভোটে লড়ছেন।
হামলার জন্য ফ্রন্টের নেতারা দায়ী করছেন আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারীর সমর্থকদের।
পুলিশ ঐক্যফ্রন্ট প্রার্থীর কর্মীদের উপর মঙ্গলবারের হামলার কথা স্বীকার করলেও কারা হামলাকারী, তা নিশ্চিত করতে পারেনি।
সাইফুদ্দিন মাইজভাণ্ডারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ২টা থেকে বিকাল ৪টার মধ্যে বিবিরহাট, বারৈয়ারহাট এবং ঝংকার এলাকায় হামলা চালানো হয়।
“এসময় তিনটি প্রচারণার গাড়ি ভাংচুর করা হয়। এরমধ্যে একটি গাড়িতে আমাদের নারী কর্মীরা ছিলেন। হামলাকারীরা আমাদের বারৈয়ারহাট এলাকার নির্বাচনী ক্যাম্পও ভাংচুর করে।”
হামলায় ইসলামী ফ্রন্টের কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হন বলে জানান সাইফুদ্দিন।
তিনি বলেন, “তরীকত নেতার অনুসারীরা হামলা চালিয়েছে। তারা ফটিকছড়িতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে।
“এই হামলার পর সারাদেশের আলেম-ওলামারা জেগে উঠবেন। এর দায় সরকারকে নিতে হবে। এই একটি আসনের জন্য সারাদেশে কয়টি আসন হারাতে হবে তা তারা কল্পনাও করতে পারছেন না।”
হামলার প্রতিবাদে ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা উপজেলা বাস স্টেশনে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন বলেন, “আমরা শান্তিতে বিশ্বাসী, আমাদের কাফেলা আদর্শিক। আমরা স্বাধীনতার পক্ষের মানুষ।
“প্রশাসনকে বলতে চাই আপনারা যদি এটা বন্ধ না করেন তাহলে সারাদেশে যদি আন্দোলন ছড়িয়ে পড়ে তাহলে আপনারা দায়ী থাকবেন।”
ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসলামী ফ্রন্টের একটি নির্বাচনী ক্যাম্পে হামলা হয়, একটি মাইক্রোবাস ভাংচুর করা হয়।
“তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে তাদের রক্ষা করে। তবে কারা হামলাকারী সেটা সুনির্দিষ্টভাবে জানতে পারিনি। থানায় কেউ অভিযোগ নিয়েও আসেনি।”
হামলার বিষয়ে তরীকত নেতা নজিবুল বশর মাইজভাণ্ডারীর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
