২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকায় ভোট চাইলেন চট্টগ্রামের একদল সাংবাদিক

অসাম্প্রদায়িক অপশক্তিকে পেছনে ফেলতে আওয়ামী লীগের নৌকার পক্ষে ভোট চাইলেন চট্টগ্রামের একদল সাংবাদিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2018, 10:01 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

সোমবার বন্দর নগরীর জামালখান সড়কে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রামে নৌকার পক্ষে তিন প্রার্থীকে পাশে রেখে সমর্থনের কথা জানান এই সাংবাদিকরা।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান ও আলী আব্বাস, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী,  জনকণ্ঠের ডেপুটি এডিটর মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, মুক্তিযোদ্ধা সাংবাদিক পংকজ কুমার দস্তিদার, এজাজ ইউসুফী, জ্যেষ্ঠ সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, হেলাল উদ্দিন চৌধুরী,  স্বপন দত্ত, একুশে টেলিভিশনের আবাসিক প্রতিনিধি রফিকুল বাহার প্রমুখ।

‘মুক্তিযুদ্ধের আদর্শে লালিত চট্টগ্রামের সাংবাদিক সমাজ’ আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা কখনও বিএনপি নেতৃত্বাধীন জামায়াত জোটকে সমর্থন দিতে পারে না। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করলেও তার দল বিএনপি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে কখনো ধারণ করে না। ‘তারা গোলাম আজমকে নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছে।

“বিএনপি-জামায়াতের মিডিয়া কখনও তাদের দলের বিরুদ্ধে লেখে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের এ কথা মনে রাখতে হবে।’’

চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “চট্টগ্রামসহ সারাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা প্রয়োজন। এতে করে দেশ আরও এগিয়ে যাবে।”

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে নৌকার প্রার্থী মো. আফসারুল আমীন বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নকে এগিয়ে নিতে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে। তার জন্য গণমাধ্যমকর্মীদের ভূমিকা রাখতে হবে।”

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ বলেন, “মুক্তিযুদ্ধের মূলনীতি থেকে বিচ্যুত করে জাতিকে পেছনের দিকে নিয়ে যাবার ষড়যন্ত্রে মেতে আছে অন্ধকারের শক্তি।”