২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ একটি দলের পক্ষে: নোমান

সব দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2018, 09:14 PM

Updated : 08 Apr 2022, 07:31 PM

সোমবার নগরীর আদালত ভবন এলাকায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত নির্বাচনী প্রচারণা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী নোমান বলেন, “বহুদলীয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ এক দলের পক্ষে অবস্থান নিয়েছে।

“পুলিশের সদস্যরা প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারী, অথচ পুলিশকে সরকার আমাদের বিপক্ষে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। পুলিশকে নির্বাচনে জয়লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।”

“পুলিশ কর্মকর্তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে জয়ী করার দায়িত্ব নিবেন না “ বলেন বর্ষীয়ান এই নেতা।

নোমান দাবি করেন, আওয়ামী লীগ ‘জনবিচ্ছিন্ন হয়ে গেছে’, বিপরীতে ধানের শীষের পক্ষে ‘গণজোয়ার’ সৃষ্টি হয়েছে।

তিনি ৩০ ডিসেম্বরের নির্বাচনে কারচুপির যে কোনো চেষ্টা ঠেকাতে বিএনপি নেতাকর্মীদের সক্রিয় থাকার আহবান জানান।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট চট্টগ্রামের আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস সাত্তার, মফিজুল হক ভুঁইয়া, আবদুল সাত্তার সারোয়ার, বদরুল আনোয়ার।

উপস্থিত ছিলেন আইনজীবী ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক জহুরুল আলম, ফোরামের নেতা এনামুল হক, এস ইউ নুরুল ইসলাম, সামশুল আলম, সিরাজুল ইসলাম চৌধুরী, কাশেম চৌধুরী, মোহাম্মদ ইসহাক, কাজী সিরাজ প্রমুখ।