চান্দগাঁও-পটিয়ায় ধানের শীষের প্রার্থীদের অভিযোগ
চট্টগ্রামের চান্দগাঁও-বোয়ালখালী ও পটিয়া সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় হামলা ও সমর্থকদের গ্রেপ্তারের অভিযোগ করেছেন ধানের শীষের দুই প্রার্থী।
রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে আলাদা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে একইদলের প্রার্থী মো. এনামুল হক।
আবু সুফিয়ান বলেন, “আমার নির্বাচনী এলাকায় দলের কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে, বাসায় ও নির্বাচনী ক্যাম্পে হামলা হচ্ছে। গত ১০ দিনে ১০০ জনের মতো গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি বলেন, শুক্রবার রাতে চান্দগাঁও এলাকায় তার বাসা ও নির্বাচনী ক্যাম্পে সরকারদলীয় প্রার্থীর সমর্থকরা হামলা চালায়। সেখানে পিকআপ ভ্যান, প্রাইভেটকার, ১০টি মোটর সাইকেল ও অটো রিকশা ভাংচুর করে।
প্রশাসনকে জানিয়েও ফল পাননি বলে অভিযোগ করেছেন এই বিএনপি নেতা।
তারপরও নির্বাচনে থাকার ঘোষণা দিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুফিয়ান বলেন, “কোনো হামলা, হুমকি আমাদের নির্বাচনের মাঠ থেকে সরাতে পারবে না।”
চট্টগ্রাম-৮ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ১৪ দলের শরিক জাসদের মইনুদ্দিন খান বাদল।
পটিয়ায় বিএনপি প্রার্থী এনামুল হক অভিযোগ করেছেন, ওই এলাকায় বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধানের শীষের সমর্থকদের উপর হামলা করছে। ছিঁড়ে ফেলছে পোস্টার-ব্যানার।
প্রশাসনকে অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা এনামও।
“বরং পুলিশ আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।”
