ভোটে বিজিবির কাজ বেসামরিক প্রশাসনকে সহায়তা: জেনারেল সাফিনুল
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য তার বাহিনীর সদস্যরা কাজ করছে।
রোববার চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনকালীন সময়ে ৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অস্থায়ী ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে মোতায়েন বিজিবি সদস্যরা গত ২০ ডিসেম্বর থেকে কাজে নেমে পড়েছেন।
বিজিবি প্রধান সাফিনুল বলেন, “ইলেকশন কমিশন থেকে পরিপত্রের মাধ্যমে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য এবং নির্বাচনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে আমাদের যে দায়িত্ব দেয়া হয়েছে, সে কাজটি আমরা করছি।”
শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করার পাশাপাশি তিনি বলেন, “যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। নির্বাচনের আগে দুই-একটা স্থানে পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হওয়ার উপক্রম হয়েছিল। বিজিবি ও পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।”
বিজিবি মহাপরিচালক জানান, নির্বাচনে সারাদেশে এক হাজার ১১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তার মধ্যে ১৪৫ প্লাটুন চট্টগ্রাম অঞ্চলে।
প্রতিটি উপজেলায় পাঁচ থেকে ছয় প্লাটুন করে এবং নগরীর প্রতিটি ওয়ার্ডে তিন থেকে চার প্লাটুন করে বিজিবি সদস্য থাকছেন।
সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল পটিয়া আসেন। সেখানে তিনি চট্টগ্রামের ১০টি আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নূরে আলম মিনা, বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা ও সৈনিকদের সঙ্গে কথা বলেন।
এসময় বিজিবি’র দক্ষিণ পূর্ব রিজিয়ন ও ৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
