টাকার লোভে গৃহকর্তাকে খুন
চট্টগ্রামের সংসদ সদস্য এম এ লতিফের স্ত্রীর বড় ভাই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ।
গৃহকর্মী জয়েস চাকমাই (২৫) টাকার লোভে মাথায় আঘাত ইটের আঘাত করে তোফায়েল আহমেদ রফিককে (৬০) খুন করেন বলে পিআইবি কর্মকর্তারা জানিয়েছেন।
গত ১৪ ডিসেম্বর বন্দর থানার ফকিরহাটের পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকায় নিজের বাসায় খুন হন রফিক। তিনি চট্টগ্রামের প্রসিদ্ধ ব্যবসায়ী বারিক মিয়ার ছেলে।
এই ঘটনায় রফিকের ছেলে সাহেদ আজগর চৌধুরী বাদী হয়ে বন্দর থানায় গৃহকর্মী নয়ন কুমার তনচংগ্যাকে আসামি করে একটি মামলা করেন।
জয়েসই নয়ন নাম দিয়ে ওই বাড়িতে গৃহকর্মীর কাজ নিয়েছিলেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
জয়েসকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে নিয়ে চট্টগ্রাম পিবিআই’র কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ কর্মকর্তারা।
পিআইবির জ্যেষ্ঠ সুপার মো. ইকবাল সাংবাদিকদের জানান, রাঙামাটির লংগদু উপজেলার ভারতীয় সীমান্তবর্তী একটি এলাকা থেকে জয়েসকে গ্রেপ্তার করা হয়।
“জয়েসের কাছ থেকে ভিকটিম রফিকের বাসা থেকে চুরি করা মোবাইল ফোন সেট, ক্যামেরা ও নগদ সাড়ে চার হাজার টাকা উদ্ধার করা হয়।”
হত্যাকাণ্ডের পর বন্দর থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, স্ত্রী মারা যাওয়ার পর ওই বাসায় রফিক একা থাকতেন। তার দুই ছেলে ভবনের অন্য ফ্লোরে থাকতেন।
অভিযানের নেতৃত্বে থাকা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রফিক শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি একা চলা ফেরা করতে পারতেন না। মাস কয়েক আগে গৃহকর্মী চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি।
“বিজ্ঞাপন দেখে ওই বাসায় চাকরির জন্য আবেদন করে জয়েস। তবে এসময় সে নিজের নাম-ঠিকানা গোপন করে নয়ন কুমার তনচংগ্যা পরিচয় দিয়ে কাজে যোগ দেয়।”
সন্তোষ জানান, জয়েস ছাড়াও মফিজ নামে এক বাবুর্চি থাকতেন ওই বাসায়। রফিকের বালিশের নিচে বাসার আলমারির চাবি থাকত।
“ঘটনার দিন খাওয়া দাওয়া করে রফিক ঘুমাতে গেলে বাবুর্চি মফিজ বাজার করতে বাইরে যায়। এসময় জয়েস বালিশের নিচ থেকে আলমারির চাবি নিতে গেলে রফিক জেগে উঠেন। এসময় সে বালিশ দিয়ে রফিকের মুখ চেপে ধরে। নড়াচড়া বেশি করায় খাটের নিচে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করে জয়েস। মৃত্যু নিশ্চিত হওয়ার পর সে নগদ ১১ হাজার ২০০ টাকা, মোবাইল ও ক্যামেরা নিয়ে পালিয়ে যায়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়েস পুলিশকে জানান, হত্যাকাণ্ডের পর তিনি প্রথমে রাঙামাটি শহরে চলে গিয়েছিলেন। পরদিন লংগদু চলে যান।
জয়েস বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
