২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজ করব সবাইকে নিয়ে: নওফেল

নির্বাচিত হলে দলের সবাইকে নিয়ে চট্টগ্রামের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিলেন চট্টগ্রাম-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2018, 09:30 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর এই ছেলে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নওফেল বলেন, “নির্বাচিত হলে আদর্শের সাথে কখনোই আপস করব না। কাজের ক্ষেত্রে নেতৃত্বের প্রতিযোগিতা, নিজের সক্ষমতা দেখানোর প্রতিযোগিতা কখনও করব না।”

দলের অভিজ্ঞ নেতা যারা রয়েছেন, তাদের নিয়েই কাজ করার অঙ্গীকার করেন এই প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া নওফেল।

তিনি বলেন, “রাজনীতি যাতে পেশী বা ক্ষমতানির্ভর না হয়, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছেন। ভবিষ্যতে রাজনীতির ক্ষেত্রে গুণগত পরিবর্তন হবে।”

চট্টগ্রামের নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে নওফেল বলেন, “জনপ্রতিনিধি হলে একজন আইন প্রণেতা হিসেবে আইনি সংস্থাগুলোর মধ্যে জবাবদিহি আনার ক্ষেত্রে ভূমিকা রাখব।”

চট্টগ্রামকে ঘিরে উন্নয়নের যে মহাপরিকল্পনার কাজ চলছে, তাতে ভূমিকা রাখতে চান তিনি।

“চট্টগ্রামের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ দুর্বলতা রয়েছে। বিশেষ প্রকল্পের কাজও চলছে। বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের যেসকল সুবিধা নিশ্চিত করার কথা, তা নিয়ে জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়া হবে।”

চট্টগ্রাম বন্দর নিয়ে গৃহীত পরিকল্পনার পাশাপাশি এর সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে চান নওফেল।

অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সদস্য সচিব জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈমুদ্দিন আহমদ চৌধুরী, সুনীল সরকার, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী উপস্থিত ছিলেন।

‘অসমানভাবে দেখতে রাজি নই’

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী নওফেলের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপি নেতৃত্বাধীন জোটের শাহাদাত হোসেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত বর্তমানে কারাবন্দি।

এ আসন থেকে এ দুইজন ছাড়া আরও ছয়টি রাজনৈতিক দলের ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপির প্রার্থীকে কতটুকু সমীহ করছেন- জানতে চাইলে নওফেল বলেন, “কোনো প্রতিদ্বন্দ্বীকে অসমানভাবে দেখতে রাজি নই। সকলেই সমান।”

শাহাদাত কারাগারে আটক থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “বিষয়টি আদালতে বিচারাধীন, সেকারণে কিছু বলব না। তবে তিনি আটক থাকায় তার পরিবার শংকিত। তার পরিবারের সাথে সমব্যথী। সে শংকাকে সম্মান জানাই।”

এই প্রসঙ্গে নওফেল বলেন, “আমার পিতা এবিএম মহিউদ্দিন চৌধুরীও অনেকবার কারাগারে গেছেন, কিন্তু কখনও দণ্ডিত হননি। তার (শাহাদাত) কী হবে, তা আদালতই বলতে পারবেন।”