চট্টগ্রামে সোনার বারসহ সিভিল এভিয়েশনকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১৬টি সোনার বারসহ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একজন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আকরাম হোসেন (২৮) কুমিল্লা জেলার কোতোয়ালী থানার রসুলপুর গ্রামের আমিন মিয়ার ছেলে। তিনি সিভিল এভিয়েশনের ট্রলি ম্যান পদে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত। থাকেন নগরীর দক্ষিণ পতেঙ্গার সিভিল এভিয়েশন আবাসিক এলাকায়।
পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকরামের কাছ থেকে উদ্ধার করা ১৬টি সোনার বারের ওজন এক কেজি ৮০০ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
ওসি জানান, সোনা চোরাচালানের খবর পেয়ে বিমানবন্দরের প্রবেশ পথে যাত্রী ছাউনির কাছে তল্লাশি চৌকি বসান তারা।
“এ সময় মটরসাইকেল নিয়ে আসছিল আকরাম। সংকেত দিলে সে মটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে আটকের পর মটরসাইকেলের বাঁ পাশের হুকের সাথে থাকা একটি প্ল্যাস্টিকের ব্যাগে ১৬টি সোনার বার পাওয়া যায়।”
সোনার বারগুলো অবৈধভাবে বিদেশ থেকে আনা বলে আকরাম স্বীকার করেছেন বলে জানান তিনি।
এ ঘটনায় পতেঙ্গা থানায় আকরামের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
