২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার পর পুলিশ এল, গ্রেপ্তার করল আমাদেরই: নোমান

চট্টগ্রামে বিএনপির বিজয় দিবসের কর্মসূচিতে ক্ষমতাসীনদের হামলা না ঠেকিয়ে পুলিশ বিএনপিরই পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2018, 07:56 PM

Updated : 08 Apr 2022, 07:29 PM

নগরীর হালিশহরের নয়াবাজার মোড়ে রোববার দুপুরের পর চট্টগ্রাম-১০ আসনে ধানের শীষের প্রার্থী নোমানের উপস্থিতিতেই এই হামলা হয় বলে অভিযোগ করা হয়েছে।

নোমান পরে নগরীর কাজীর দেউড়ী মোড়ে নিজের বাড়িতে এক সংবাদ সম্মেলনে বলেন, হামলায় আটজন আহত হন।

এই হামলার জন্য আওয়ামী লীগের প্রার্থী আফসারুল আমিনের সমর্থকদের দায়ী করেন তিনি।

নোমান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কোনো ভূমিকা না নিলেও আমাদের পাঁচজনকে গ্রেপ্তার করেছে।”

ঘটনার বর্ণনা দিয়ে বিএনপি নেতা বলেন, “নয়াবাজার এলাকায় রাস্তার একপাশে চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের পক্ষ থেকে বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধনের আগে আমি বক্তব্য রাখার সময় সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় হামলা করে। তাদের হাতে পিস্তল, লাঠি, বাঁশ ও তলোয়ার ছিল।

“নির্বাচনের সময় হলেও আজকে ছিল বিজয় দিবসের অনুষ্ঠান। তা বানচাল করতে পেছন দিক থেকে তারা এসে হামলা করে।”

নোমান বলেন, “এসময় একজন পিস্তল বের করে আমার দিকে এগিয়ে আসছিল। দলের কর্মীরা ডিফেন্সিভ ছিল, তারা ঘেরাও করে আমাকে রক্ষা করেছে। আমরা কয়েকজন আত্মরক্ষার্থে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানেও সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালায়।”

হামলায় পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, বিএনপি নেতা আবদুস সাত্তার, আবদুস সাত্তার সারোয়ারসহ অনেকে আহত হন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রবীণ এই রাজনীতিক বলেন, তার দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবনে এধরনের ঘটনার সম্মুখীন কখনও হননি।

আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুল্লাহ আল হারুনের ভাই নোমান বলেন, “অতীতে আওয়ামী লীগ কখনও এভাবে আক্রমণ করেনি। আজকে এর ব্যতিক্রম দেখলাম।”

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “কোন পুলিশ ছিল না। সন্ত্রাসীরা আধ ঘণ্টার মতো তাণ্ডব চালিয়েছে।”

কারা এ হামলা চালিয়েছে- জানতে চাইলে নোমান বলেন, আওয়ামী লীগের প্রার্থী আফসারুল আমীনের ভাই এরশাদুল আমীন, যুবলীগ নেতা সুমন দেবনাথ, স্থানীয় জিয়ার নেতৃত্বেই এ হামলা হয়েছে।

এই অভিযোগের বিষয়ে আফসারুল আমিন কিংবা আওয়ামী লীগের কারো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা শুনেছি। কেউ আমাদের কাছে কোনো অভিযোগ নিয়ে আসেনি।”

কেন নির্বাচন করছেন, মনে প্রশ্ন

সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে নোমান বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বাদ দেন, একজন সাধারণ মানুষ ভোট কেন্দ্র পর্যন্ত নিরাপদে যেতে পারবে কি না, সন্দেহ। বর্তমানে যে পরিস্থিতি সেখানে নির্বাচনের কোনো পরিবেশ নেই। কেন নির্বাচন করছি, তা পুরোপুরি বুঝতে পারছি না।”

তিনি বলেন, “আমার দল, জোট কী মনে করে, জানি না। কিন্তু নির্বাচন করার কোনো সুযোগ আছে বলে আমি নিজে মনে করি না। জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে, এ অবস্থায় নির্বাচন কীভাবে হবে, বুঝতে পারছি না।”

বিএনপির প্রার্থীদের প্রচারপত্রও বিলি করতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে নোমান বলেন, “জনগণ ঘুরে দাঁড়াবে, এ বিশ্বাস করি। আমরাও তাদের সাথে থাকব।”