চট্টগ্রামে দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত
চট্টগ্রামে মোটর সাইকেলে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত এবং তার স্ত্রী ও মোটর সাইকেলচালক আহত হয়েছেন।
শনিবার দুপুরে শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন (৩০) সাতকানিয়া উপজেলার বাসিন্দা। আহতরা হলেন তার স্ত্রী সায়েরা খাতুন (২৫) ও মো. মাসুদ (২৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, স্থানীয়রা আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন।
সাইফুল ইসলাম নামের প্রত্যক্ষদর্শী এক যুবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হতাহতরা মোটর সাইকেলে করে পটিয়ার দিকে যাচ্ছিলেন। কলেজ বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস উল্টোপথে গিয়ে তাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়।
“মাসুদ মোটর সাইকেল চালাচ্ছিলেন। আর শাহাদাত ও তার স্ত্রী ছিলেন যাত্রী।”
কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ জানান, দুর্ঘটনার পর বাসটি চেকপোস্টে রেখে চালক পালিয়ে যায়।
