মন্ত্রী মোশাররফের সঙ্গে ছেলেও নিলেন মনোনয়নপত্র
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং তার ছেলে মাহবুবুর রহমান রুহেল জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু। এ আসনে আমীর খসরু আগেই মনোনয়নপত্র নিয়েছেন।
বৃহস্পতিবার মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তার ছেলে রুহেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
ইঞ্জিনিয়ার মোশাররফ ওই আসনের বর্তমান সাংসদ। সেখান থেকে আওয়ামী লীগের হয়ে মোট ছয়বার সংসদ সদস্য হয়েছেন তিনি।
একই আসন থেকে বাবা-ছেলের মনোনয়ন ফরম নেওয়া প্রসঙ্গে রুহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামাজিক ও রাজনৈতিক কাজ সব করছি মিরসরাই ঘিরে। আমি বাবার সাথেই আছি। উনি নির্বাচন করতে না চাইলে আমি করব, সেজন্য ফরম নেওয়া।”
বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে বিএনপি, আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দল মিলিয়ে মোট ২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে বিএনপির হয়ে ১০ জন, আওয়ামী লীগের তিনজন, এলডিপির দুইজন, তৃণমূল এনডিএমর একজন, এনপিপির একজন, ওর্য়াকার্স পার্টির একজন, জাসদের (ইনু) একজন, বিএনএফের একজন, নেজামে ইসলামি পার্টির একজন, ত্বরিকত ফেডারেশনের একজন, ইসলামিক ফ্রন্টের একজন, খেলাফত আন্দোলনের একজন, খেলাফত মজলিশের এক ও স্বতন্ত্র হিসেবে একজন রয়েছেন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে এবার বাবার পর বিএনপির হয়ে মনোনয়নপত্র নিয়েছেন সাবেকমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল। খসরুর পক্ষে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসন থেকেও একটি ফরম নেওয়া হয়।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের হয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মাহবুবুর রহমান রুহেল, বিএনপির পক্ষে নুরুল আমিন; চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির গোলাম আকবর খোন্দকার ও মো. আজিম উল্লাহ বাহার, ত্বরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা; জাসদের (ইনু) মোহাম্মদ আবুল কাশেম; চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে তৃণমূল এনডিএম’র খোকন চৌধুরী মনোনয়ন ফরম নিয়েছেন।
এছাড়া চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে স্বতন্ত্র হিসেবে মো. নাছির হায়দার করিম, বিএনপির এস এম ফজলুল হক, খেলাফত আন্দোলনের ইদ্রিস মুজহারুল হক ও খেলাফত মজলিসের মুজাফ্ফর আহম্মদ; চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে এলডিপির মো. নুরুল আলম, ইসলামিক ফ্রন্টের মো. আবু নওশাদ; চট্টগ্রাম-৯ (কোতয়ালী) আসনে ওর্য়াকার্স পার্টির অ্যাডভোকেট আবু হানিফ, বিএনপির পক্ষে মো. শোয়াইব; চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে এনপিপির কাজী মুহাম্মদ ইউসুফ আলী চৌধুরী মনোনয়নপত্র নিয়েছেন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে আওয়ামী লীগের এম এনামুল হক চৌধুরী, বিএনপির ইসরাফিল খসরু ও গোলতাজ বেগম; চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনএফের দীপক কুমার পালিত, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) থেকে বিএনপির পক্ষে মুজিবুর রহমান; চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) থেকে বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী, এলডিপির মো. কফিল উদ্দিন চৌধুরী, জেমামে ইসলামের মাওলানা মুহম্মাদ মুছা মনোনয়ন ফরম নিয়েছেন।
