সীতাকুণ্ডে সড়কের পাশ থেকে তরুণীর লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকু্ণ্ডে মহাসড়কের পাশ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ছোট দারোগারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশটি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের জহিরুল ইসলাম বাবুলের মেয়ে সাবিনা ইয়াসমিন নীগারের (২২) বলে সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন জানান।
তাকে গলা টিপে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে করছে পুলিশ।
ওসি দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
বৃহস্পতিবার বিকালে নিগার সীতাকুণ্ড সদরে ডাক্তারের কাছে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার এসআই শওকত হোসেন বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে মেয়েটিকে গলা টিপে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। তার গলায় দাগ ছিল। আর হত্যাকারী হ্যান্ডগ্লাভস ব্যবহার করেছে গলাটেপার সময়।”
লাশের পাশ থেকে একজোড়া হ্যান্ডগ্লাভস পাওয়া গেছে বলে জানান তিনি।
