চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সেমিনার
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার আয়োজন করেছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিডি সেমিনার কক্ষে ‘আপডেট অন ম্যানেজমেন্ট অফ ডেঙ্গু’ শীর্ষক এই সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. ইসমাইল খান বলেন, ডেঙ্গুসহ সকল ‘কমিউনিটি ডিজিজ’ মোকাবেলায় সামাজিক সচেতনতার উপর জোর দিতে হবে।
“চিকিৎসা সেবাকে আরো গণমুখী করার জন্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় প্রয়োজন। চিকিৎসা খাতে প্রাচীন ও বর্তমান বিভিন্ন গঠনমূলক পদ্ধতিগুলোর সমন্বয় করতে হবে।”
একটি আদর্শ ‘হেলথ প্রফেশনাল এডুকেশন সিস্টেম’ গড়ে তোলা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন ডা. মো. ইসমাইল খান।
সেমিনারে মূল বক্তা বাংলাদেশ ইন্সিটিউট অফ ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাস ডিজিস (বিআইটিডি) এর পরিচালক প্রফেসর ডা. এম এ হাসান চৌধুরী ডেঙ্গু বিষয়ক বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন।
তিনি ডেঙ্গু রোগ নির্ভুল ভাবে সনাক্তকরণ ও নিরাময়ের বিভিন্ন পন্থা সম্পর্কে উপস্থিত চিকিৎসকদের সর্বাধুনিক ও মানসম্মত উপায় সম্পর্কে অবগত করেন।
সেমিনারে বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সহকারি পরিচালক ডা. হাসিনা নাসরিন, বিআইটিডির সহকারি পরিচালক হোসেন রশিদ এবং বিআইটিডি সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশিদ।
সদ্য প্রতিষ্ঠিত চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় ফৌজদারহাটের বিআইটিডি থেকেই বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
