অল সোলস ডে: হাজারো প্রদ্বীপে মৃত স্বজনদের স্মরণ
সারি সারি কবরের পাশে নিরবে দাঁড়িয়ে স্বজনরা, কবরের ওপর ফুল ছিটানো ফুল আর সন্ধ্যার আঁধার ভেদ করে জ্বলছে হাজারো মোমবাতি।
শুক্রবার সন্ধ্যায় নগরীর পাথরঘাটায় চট্টগ্রামের বৃহত্তম রানী জপমালা গির্জা সংলগ্ন সমাধিস্থলে এভাবেই মৃত স্বজনদের স্মরণে ‘অল সোলস ডে’র আয়োজন করা হয়।
এদিন নানা অনুষ্ঠানিকতায় চট্টগ্রামের ক্যাথলিক খ্রিস্টানরা স্মরণ করে পরলোকগত আত্মাদের।
শোক ও প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। রানী জপমালা গির্জার সিএসসি পাল পুরোহিত বনিফাস টলেন্টুনু এতে পৌরহিত্য করেন।
এর আগে বিকাল থেকে সাদা-কালো পোশাকে সজ্জিত হয়ে হাতে ফুল, মালা আর মোমবাতি নিয়ে গির্জা প্রাঙ্গণে সমবেত হন সব বয়সী নারী-পুরুষ। সঙ্গে ছিল শিশুরাও।
২০১৪ সালে নবজাতককে হারান হেনা রড্রিক্স। তার কবরের সামনে দাঁড়িয়ে পরলোকে সন্তানের শান্তি কামনায় প্রার্থনা করেন তিনি।
একটি কবরের ফলকে লেখা ‘আন্না পাপড়ি হালদার, জন্ম- ২৩ নভেম্বর ১৯৭৫, মৃত্যু- ১ ফেব্রুয়ারি ২০০১’।
আন্নার বাবা উইলসন গোমেস, ভাই জেমস গোমেজ, বৌদি ইভা রোজারিও আর পরিবারের শিশুরা দাঁড়িয়ে ওই কবরের পাশে।
গীর্জা সংলগ্ন পাথরঘাটা এলাকা থেকে মায়ের কবরে আসেন জুপিটার গোমেজ।
তিনি মায়ের কবরে ছিটিয়ে দেন ফুল আর মোম জ্বেলে সামিল হন সমবেত প্রার্থনায়।
প্রার্থনায় পরলোকগত স্বজনদের আত্মার স্মরণের পাশাপাশি যুদ্ধবিগ্রহ আর হিংসাত্মক ঘটনায় নিহতদের আত্মার শান্তিও কামনা করা হয়।
