চট্টগ্রামে ‘স্বামীর হাতে’ গৃহবধূ খুন
চট্টগ্রামের বাকলিয়ায় পারিবারিক কলহের জেরে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার ভোরে বাকলিয়া থানার তুলাতলী আলী ভবনে এ ঘটনা ঘটে বলে বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী জানান।
নিহত রোকসানা আক্তার (২৮) ওই এলাকার রাজমিস্ত্রী মো. জয়নালের স্ত্রী।তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
ঘটনার পর থেকে জয়নাল পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি প্রণব বলেন, পারিবারিক নানা বিষয় নিয়ে জয়নাল ও রোকসানার মধ্যে কলহ চলছিল। এর জেরে তাদের মধ্যে ঝগড়া হলে জয়নাল ছুরি দিয়ে স্ত্রীর গলা কেটে পালিয়ে যান।
“পরে পাশের বাড়ির লোকজন রোকসানাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
জয়নালকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
