২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গুলি রেখে ফাঁসাতে গিয়ে’ নিজেই আটক

আগে থেকে গুলি রেখে পুলিশকে ‘মিথ্যা’ খবর দিয়ে একজনকে ‘ফাঁসাতে গিয়ে’ শেষ পর্যন্ত পুলিশের হাতে আটক হয়েছেন অভিযোগকারী নিজেই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2018, 04:49 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

চট্টগ্রামের উত্তর নালাপাড়া এলাকার সন্দ্বীপ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মো. আলী হাসান রানা নামের ও ব্যক্তিকে আটক করা হয়।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে সদরঘাট কালীবাড়ি মোড়ে সদরঘাট থানা পুলিশের একটি দল দায়িত্ব পালনের সময় রানা তাদের বলেন, সন্দ্বীপ হোটেলে অস্ত্র ও গুলিসহ একজন সন্ত্রাসী অবস্থান করছে।

ওই খবর পেয়ে পুলিশ হোটেল গিয়ে ১১৮ নম্বর কক্ষে তল্লাশি চালায়। সেই ঘরে ছিলেন দীপক চন্দ্র দাশ নামে এক ব্যক্তি। তাকে তল্লাশি করে কিছু না পাওয়ায় রানাকে সেখানে ডেকে পাঠানো হয়।

“সে এসে দেয়ালের ওপর থেকে টেপ মোড়ানো তিনটি গুলি বের করে দেয়। কিন্তু যে জায়গায় সেগুলো রাখা ছিল সেটা কোনোভাবেই তার চোখে পড়ার কথা নয়।সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে রানা স্বীকার করে, দীপককে ফাঁসানোর জন্য সে নিজেই সেখানে গুলি রেখেছে।”

পুলিশ জানায়, দীপকের বাড়ি সন্দ্বীপ উপজেলার। তিনি ফিশিং বোটের মালিক। চট্টগ্রাম শহরের সন্দ্বীপ আবাসিক হোটেলের ১১৮ নম্বর কক্ষ তিনি নিজের অফিস ও বাসা হিসেবে ব্যবহার করেন।নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা রানার সঙ্গে তার বিরোধ চলছিল।

এ বিষয়ে জানতে চাইলে দীপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বছর চারেক আগে সন্দ্বীপের কিছু লোকের মাধ্যমে রানার সঙ্গে তার পরিচয় হয়। বছর দুয়েক আগে তার একটি ফিশিং বোট মালবাহী একটি জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ আদায় করতে রানা তাকে সহায়তা করেন।

“এরপর থেকে রানা বিভিন্ন সময়ে আমার কাছ থেকে টাকা নিয়ে যেত। কিছু দিন আগে আমি টাকা দেওয়া বন্ধ করে দেই। এরপর সে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া ‍শুরু করে।

“তাছাড়া হামলা ও ট্রলার থেকে জাল ছিনতাইয়ের অভিযোগে কিছু লোকের বিরুদ্ধে আমি মামলা করেছিলাম। রানা তাদের পক্ষ নিয়ে আমাকে মামলা প্রত্যাহারের চাপ দিচ্ছিল। এজন্য কোতোয়ালি থানায় আমি একটি সাধারণ ডায়েরিও করেছি।”

গুলি উদ্ধারের ঘটনায় রানার বিরুদ্ধে সদরঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলে জানান ওসি নেজাম।