২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরেণ্য আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের মৃত্যু

চট্টগ্রামের আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক রণজিৎ রক্ষিত মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2018, 03:02 PM

Updated : 11 Oct 2022, 12:43 PM

মঙ্গলবার বেলা ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭১ বছর।

রণজিৎ রক্ষিত চট্টগ্রামের বোধন আবৃত্তি স্কুলের অধ্যক্ষ, চট্টগ্রাম জেলা শিল্পকলা একডেমির পরিচালনা কমিটির সহ-সভাপতি এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।

চট্টগ্রামসহ সারাদেশে আবৃত্তি ও শুদ্ধ উচ্চারণ প্রশিক্ষক রণজিৎ বোধন আবৃত্তি পরিষদের সভাপতি হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

চট্টগ্রামের অন্যতম শীর্ষ নাট্য সংগঠন গণায়ন নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাকালীন এই সদস্য বাংলাদেশের প্রথম দিককার পথনাটক ‘যায় দিন ফাগুনো দিন’ এ অভিনয় করেছিলেন। তিনি ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাংস্কৃতিক সম্পাদকও ছিলেন, যুক্ত ছিলেন শিশু সংগঠন খেলাঘরের সাথেও।   

চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে দীর্ঘদিন বিজ্ঞান পড়িয়েছেন রণজিৎ রক্ষিত। তার জন্ম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামে। স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন তিনি। 

বোধন আবৃত্তি পরিষদের সহ-সভাপতি ও রণজিৎ রক্ষিতের ছাত্র প্রণব চৌধুরী জানান, গত ২৩ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রণজিৎ রক্ষিতকে।

অবস্থার অবনতি হলে সোমবার তাকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সেখানেই তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রণজিৎ রক্ষিতের মরদেহ নিয়ে যাওয়া হয় প্রথমে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদনের জন্য।

সেখানে শিল্পকলার একাডেমির সভাপতি ও চট্টগ্রামের জেলা প্রশাশক মো. ইলিয়াছ হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমানসহ একাডেমির সদস্যরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, বোধন, গণায়ন নাট্য সম্প্রদায় ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং সংস্কৃতি অঙ্গনের লোকজন তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

এরপর তার লাশ নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে। যেখানে তিন দশকেরও বেশি সময় শিক্ষকতা করেছেন।

স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীরা ফুল দিয়ে রণজিৎ রক্ষিতকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে নেওয়া হয় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে।

সেখানে আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ওর্য়াকার্স পার্টি, ছাত্র ইউনিয়ন, বাসদ (মার্কসবাদী) সম্মিলিত আবৃত্তি জোট, খেলাঘর, উদীচী শিল্পী গোষ্ঠী, প্রমা আবৃত্তি সংগঠন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চারণসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় রণজিৎ রক্ষিতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন, খেলাঘর চট্টগ্রাম মহনগরীর সভপাতি একিউএম সিরাজুল ইসলাম, সিপিবি চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি মৃণাল চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি চন্দন দাশ, ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, আওয়ামী লীগনেতা জামশেদুল আলম চৌধুরী, খেলাঘর সহ-সভাপতি রথীন সেন, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, বোধনের সাবেক সভাপতি আবদুল হালিম দোভাষ প্রমুখ বক্তব্য রাখেন।      

পরে রণজিৎ রক্ষিতের মরদেহ নগরীর সদরঘাট এলাকায় তার বাসায় নেওয়া হলে এলাকাবাসী ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করে। এরপর সন্ধ্যায় বলুয়ার দিঘী মহাশ্মশানে আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের শেষকৃত্য সম্পন্ন হয়।