২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচীর সংগ্রাম চলবে: মুশতারী শফি

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে উদীচীর সংগ্রাম চলবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদজায়া বেগম মুশতারী শফি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 08:17 PM

Updated : 11 Oct 2022, 12:43 PM

সোমবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড় এলাকায় দৈনিক আজাদী চত্বরে উদীচীর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উদীচী তার জন্মলগ্ন থেকেই দেশের মানুষকে ঘোর আঁধারে পথ দেখিয়ে আসছে। শত প্রতিকূল পরিস্থিতিতে উদীচী কখনও তার লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয়নি।

“ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশ সাম্প্রদায়িকতা, গণতন্ত্রহীনতা আর শোষণ-বৈষম্যের যাঁতাকলে পিষ্ট। এই অবরুদ্ধতার বিরুদ্ধে উদীচী তার আদর্শের সংগ্রাম, গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রাখবে।”

মুশতারী শফি বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকে উদীচী গণমানুষের কথা বলে আসছে। উদীচী সবসময় শোষিত মানুষের কথা বলে আসছে। সকল সংগ্রামে, বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতা রক্ষায়, সাম্প্রদায়িকতাকে পরাভূত করতে দেশের মানুষকে সঙ্গে উদীচী গৌরবের সঙ্গে এগিয়ে যাবে।

“শুধু ৫০ বছর নয়, বাঙালি জাতি যতদিন থাকবে, ততদিন উদীচীর সংগ্রাম টিকে থাকবে।”

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের প্রতিষ্ঠাকালীন সদস্য তপন শীল জাতীয় পতাকা এবং বেগম মুশতারি শফি দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় উদীচীর শিল্পীরা জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি চন্দন দাশ বলেন,  উদীচীর দীর্ঘ পথচলায় আছে আনন্দ, আছে বেদনা, প্রাপ্তি ও হারানোর সাতকাহন। এরপরও উদীচী স্বাধীনতা, সাম্য, মানবতার বাণী ধারণ করে সচেতন করে তুলেছে গণমানুষকে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অমৃত বড়ুয়া বলেন, বাংলাদেশ স্বাধীনের পর যে কোন গণআন্দোলনে উদীচী তার ভূমিকা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে।

ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শরীফ চৌহান বলেন, পাকিস্তান আমলে প্রতিষ্ঠার পর সেই অগ্নিগর্ভ সময় শিশু অবস্থায়ই উদীচী তার দায়িত্ব এবং পথ ঠিক করে নেয়। মুক্তিযুদ্ধের সময় উদীচীর শিল্পীসংগ্রামীরা ভূমিকা রেখেছেন।  

প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান বলেন, বাংলাদেশের যে কোনো গণআন্দোলনের সবক্ষেত্রেই সাংস্কৃতিক সংগঠন হিসেবে উদীচী অগ্রভাগে ছিল।

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশগুপ্তা শুভেচ্ছা বক্তব্য রাখেন। সহ-সম্পাদক জয় সেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উদীচী বোয়ালখালী শাখার সদস্য মোহাম্মদ আলী ও রাঙ্গুনিয়া শাখার সদস্য তপন দত্ত।

‘আঁধারবৃন্তে আগুন জ্বালো, আমরা যুদ্ধ আমরা আলো’ স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে উদীচীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন।