স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মাথা বিচ্ছিন্ন, স্বামী গ্রেপ্তার
মোবাইল ফোনে ‘অন্য পুরুষের’ সাথে কথা বলা নিয়ে সন্দেহ থেকে চট্টগ্রামে এক তরুণীকে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করেছেন তার স্বামী।
নিহত ওই গৃহবধূর স্বামী জাহিদ হোসেন রাজুকে (২৮) গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে এ তথ্য।
গত শুক্রবার রাতে হালিশহর থানার ছোটপুল এলাকার নালা থেকে মাথাবিহীন এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ রাজুকে গ্রেপ্তারের পর জানতে পারে লাশটি তার স্ত্রী সুমি ইসলামের।
সুমি মোবাইল ফোনে ‘অন্য পুরুষের’ সাথে কথা বলছে- এমন সন্দেহ থেকে দুইজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল জানিয়ে তিনি বলেন, “বিষয়টি নিয়ে রাজু তার প্রতিবেশী বন্ধু জলিল ও তার স্ত্রী ফেরদৌসির সাথে আলোচনা করলে তারা সুমিকে মেরে ফেলার পরামর্শ দেয়।”
রাজুর কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে হালিশহর থানার ওসি ওবায়দুর রহমান বলেন, গত ২৫ অক্টোবর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সেসময় সুমিকে মারধরের এক পর্যায়ে রাজু তার গলা টিপে ধরেন। সে সময় রাজুর বন্ধু জলিলের স্ত্রী ফেরদৌসি সুমির পা চেপে ধরেছিল।
“সুমির মৃত্যু নিশ্চিত হওয়ার পর জলিল লাশ গুম করতে মাথা বিচ্ছিন্ন করার পরমর্শ দেয় রাজুকে। একসময় কসাইয়ের কাজ করা জলিল ও রাজু মিলে মাথা বিচ্ছিন্ন করে।”
ওসি আরো জানান, রাত দেড়টার দিকে একটি পলিথিন মুড়িয়ে বাজারের ব্যাগে করে বিচ্ছিন্ন মাথাটি ডবলমুরিং থানার বেপারিপাড়া পাইট্টাদিঘীর পশ্চিম পাড় কবরস্থানে ঝোঁপে ফেলে আসে। আর ভোররাতে সুমির মাথাবিহীন দেহ সিমেন্টের বস্তায় ঢুকিয়ে বাসার অদূরে ছোটপুল এলাকার ইসলাম মিয়া ব্রিক ফিল্ডের তিন নম্বর রোডের নালায় ফেলে আসে রাজু ও জলিল।
শুক্রবার রাতে পুলিশ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা আমেনা বলেন, “লাশ উদ্ধারের পর আমরা পরিচয় নিয়ে সন্দেহে ছিলাম। সেজন্য আশপাশের কোনো নারী নিখোঁজ হয়েছে কিনা তা দেখার জন্য হালিশহর থানাকে বলা হয়েছিল।
“দুইদিন পর পর রোববার থানায় খবর আসে ইসলাম হাজী ব্রিক ফিল্ড এলাকার নাবালক মিয়ার বাড়ি এলাকার সুমি নামের এক নারী নিখোঁজ আছে। সংবাদ পেয়ে তার রাজুকে আটক করে থানায় নিয়ে আসা হয়।”
আমেনা বলেন, “রাজুকে জিজ্ঞাসাবাদের সময় তার মোবাইলে একটি মেয়ের ছবি পাওয়া যায়। ছবির মেয়েটির হাতে থাকা চুরির সাথে মাথাবিহীন মেয়েটির হাতের চুরি মিলে যায়। পরে জিজ্ঞাসাবাদের মুখে সে সুমিকে হত্যার বিষয়টি স্বীকার করে।”
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) এসএএম বদরুল কবীর জানান, স্বীকারোক্তির পর রাজুকে নিয়ে সুমির মাথা উদ্ধার করা হয় এবং সুমির খালা এসে ভাগ্নির পরিচয় নিশ্চিত করেন।
তিনি জানান, সুমির বাড়ি খুলনা হলেও তার অনেক আত্মীয় চট্টগ্রামে থাকেন। সুমি ছোট বেলা থেকে চট্টগ্রামে থাকতেন। আগ্রাবাদ সিডিএ এলাকায় একটি বুটিক হাউসে কাজ করতেন।
যে ছুরি দিয়ে সুমির মাথা বিচ্ছিন্ন করা হয় সেটি রাজুর বাসা থেকে উদ্ধার করা হয়েছে জানিয়ে বদরুল বলেন, “আমরা যখন ছুরি উদ্ধারে যাই তখন বাসায় রক্তের গুমোট গন্ধ পাই। তবে সেখানে কোনো রক্তের দাগ ছিল না।
“আমরা জেনেছি রাজু ও জলিল যখন লাশ নালায় ফেলতে যায় তখন ফেরদৌসি বাসার রক্ত ধুয়ে পরিষ্কার করে ফেলে।”
জলিল ও ফেরদৌসিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা বদরুল।
