২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ভর্তি পরীক্ষার্থীদের বাসে চাঁদাবাজি, আটক ৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষার্থীদের বহনকারী বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2018, 05:20 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

আটকরা হলেন- আজম (৩৫), উজ্জল(৩৭), খাজা আহমদ (২২), জয়নাল আবেদিন, আব্দুর শুকুর (৫৫), মোক্তার (৩৪)।

শনিবার সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

“শিক্ষার্থীদের বহনকারী বিভিন্ন বাস থেকে চাঁদা নেওয়া হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

চট্টগ্রাম নগরী থেকে ২২ কিলোমিটার দূরে চবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শাটল ট্রেন চলাচল করে। পাশাপাশি তিন নম্বর রুটের মিনিবাস চলে।

তবে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হাজার হাজার শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থান থেকে সমবেত হওয়ায় বন্দর নগরী থেকে ক্যাম্পাসের পথে তিন নম্বর রুটের বাস ছাড়া অন্য রুটের বাসও চলাচল করে।

ভর্তি পরীক্ষার্থীদের বহনকারী এ ধরনের কয়েকটি বাস থেকে চাঁদা আদায় করা হয় বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন।