২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশের বিরুদ্ধে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের নামে কোনো ‘দেশবিরোধী ষড়যন্ত্র’ হলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2018, 11:32 PM

Updated : 19 Aug 2022, 02:47 PM

শনিবার বেলা ২টায় নগরীর নূর আহমদ সড়কে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা রয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিকে নিয়ে গঠিত নতুন এই জোটের।

এর আগে শুক্রবার রাত ৯টায় জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের কর্মসূচির বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করে নগরীতে। 

নগরীর থিয়েটার ইন্সটিটিউটের সামনে থেকে ছাত্রলীগের মিছিল শুরু হয়ে মিছিলটি এনায়েত বাজার মোড় হয়ে নূর আহমদ সড়কে বিএনপি কার্যালয়ের সামনের সড়ক ধরে এগিয়ে যায়। 

এসময় মিছিল থেকে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নামে এবং সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন ছাত্রলীগ নেতাকর্মীরা। 

মিছিলের সামনে-পিছনে পুলিশের গাড়িও ছিল। 

নূর আহমদ সড়কে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের বিপরীত পাশের সড়ক দিয়ে মিছিলটি কাজীর দেউড়ি মোড়ের দিকে যায়। 

এসময় নাসিমন ভবনের সামনে কিছু পুলিশ সদস্যকে দেখা গেলেও শনিবারের সমাবেশের কোনো প্রস্তুতি চোখে পড়েনি। 

ছাত্রলীগ নেতাকর্মীদের মিছিল কাজীর দেউড়ি মোড়ে পৌঁছলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। 

সমাবেশে রনি বলেন, ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে। তারা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত।

“তাই সেই চক্রে মান্না-রবের মত লোকজন যোগ দিয়েছে। চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের নামে কোনো অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। কাউকে দেশবিরোধী ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।”

সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, ছাত্রলীগ নেতা আমিনুল করিম, নাজিম উদ্দিন, মো. জাহেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আবু ইউনুছ। 

জাতীয় ঐক্যফ্রন্ট চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশ করতে চাইলেও এর অনুমতি পায়নি। পরে নাসিমন ভবনের সামনে সমাবেশের অনুমতি পায়।