২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শনিবার শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্মাতক শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2018, 01:22 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তৃতি সম্পন্নের পাশাপাশি জালিয়াত রোধে ‘বিশেষ ব্যবস্থা’ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁসের কোনো ধরনের আশংকা করছেন না উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছাপাখানা থেকে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রিন্ট করা হয়, সেহেতু প্রশ্ন ফাঁসের কোনো আশংকা নেই। আশংকা থেকে মুক্ত হতেই সব পরীক্ষা ক্যাম্পাসে নেওয়া হচ্ছে।”

উপাচার্য জানান, এবারের ভর্তি পরীক্ষায় জালিয়াত রোধে প্রথমবারের মতো দুই শিফটে পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া যে কোনো ধরনের ‘প্রক্সি’ রোধ করতে বিশেষ এ্যাপ ব্যবহার করবেন পরীক্ষার প্রধান পরিদর্শক।

এদিকে ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ অক্টোবর শনিবার সকাল ৯.৪৫টা থেকে ‘বি’ ইউনিটের অধীন ২০০০০১ থেকে ২১৫৮৯৫ রোল নম্বরের শিক্ষার্থীদের পরীক্ষা হবে।

ওই দিন বেলা সোয়া ২টা একই ইউনিটের ২১৫৮৯৬ থেকে ২৩১৭৯০ রোলের শিক্ষার্থীদের পরীক্ষা হবে। এই ইউনিটে এক হাজার ৬০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছ ৩১হাজার ৭৯০টি।

সম্মিলিত 'ডি' ইউনিটে ২৮ অক্টোবর সকাল ৯.৪৫টা থেকে ৫০০০০১ থেকে ৫২২২৮৪ রোল নম্বরের শিক্ষার্থীদের পরীক্ষা হবে। ওই দিন বেলা সোয়া ২টায় একই ইউনিটের ৫২২২৮৫ থেকে ৫৪৪৫৬৮ রোলের শিক্ষার্থীদের পরীক্ষা হবে। ‘ডি’ ইউনিটে এক হাজার ১০৪ আসনের বিপরীতে ৪৪ হাজার ৫৬৮টি আবেদন জমা পড়েছে।

২৯ অক্টোবর সোমবার সকাল ৯.৪৫টা থেকে ‘এ’ ইউনিটের অধীন ১০০০০১ থেকে ১২২২১৫ রোল নম্বরের শিক্ষার্থীদের পরীক্ষা হবে। ওই দিন দুপুর সোয়া ২টা একই ইউনিটের ১২২২১৬ থেকে ১৪৪৪৩১ রোলের শিক্ষার্থীদের পরীক্ষা হবে। ‘এ’ ইউনিটে এক হাজার ৪৭৬ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ৪৪ হাজার ৪৩১টি।

৩০ অক্টোবর সোমবার সকাল ১০টা থেকে 'সি' ইউনিটের সকল শিক্ষার্থীদের পরীক্ষা হবে। ‘সি’ ইউনিটে ৭৭২ আসনের বিপরীতে ১১হাজার ৪৩৯টি আবেদন জমা পড়েছে।

৩১ অক্টোবর সোমবার সকাল ৯.৪৫টা থেকে 'বি১' উপ-ইউনিটের সকল শিক্ষার্থীদের পরীক্ষা হবে। ওই দিন বেলা আড়াইটা হতে 'ডি১' উপ-ইউনিটের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের সূচিতেও পরিবর্তন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও রাস্তায় যানজট নিরসন ও ক্যম্পাসের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।