২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে ‘অস্ত্র কারখানার’ সন্ধান

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে একটি অস্ত্র তৈরির 'কারখানার' সন্ধান পেয়েছে পুলিশ; সেখান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 06:03 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

উপজেলার রহমতপুর ইউনিয়নে এর সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছেন সন্দ্বীপ থানার ওসি মো. শাহজাহান।

অভিযানে অস্ত্র তৈরির ‘কারিগর’ সাইফুল ইসলাম ওরফে কাদা সাইফুল (২৮) ও ‘কারখানার’ মালিকের স্ত্রী প্রিয়া বেগমকে (২২) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

ওসি শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারখানাটি তালিকাভুক্ত সন্ত্রাসী মো. মনির ওরফে কালা মনিরের। তার বাড়িতে অস্ত্র তৈরি করে বিক্রিও হত।”

ওসি বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়েছি। অভিযানে কারখানায় কাজ করা অবস্থায় সাইফুলকে গ্রেপ্তার করা হয়। মনির পালিয়ে গেলেও তার স্ত্রী প্রিয়াকে গ্রেপ্তার করা হয়।”

অভিযানে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি অন্তত ২৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

মনিরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ অন্তত ১২টি মামলা আছে বলেও জানান তিনি।