ট্রাকে করে ইয়াবা পাচার, চট্টগ্রামে আটক ২
চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ, গ্রেপ্তার করা হয়েছে ওই ট্রাকের চালক ও সহকারীকে।
বন্দরনগরীর ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকা থেকে বুধবার রাতে ওই ট্রাকটি আটক করা হয় বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ন কবির জানান।
গ্রেপ্তার দুজন হলেন- আব্দুর রহিম স্বপন (৩০) ও মো. সোহেল (৩২)।
অতিরিক্ত উপ-কমিশনার হুমায়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ট্রাকে করে নিয়মিত মাদক পাচার হত। ইয়াবা রাখার জন্য ট্রাকে ‘বিশেষ চেম্বার’ বানিয়ে নেওয়া হয়েছিল।
একটি খালি ট্রাকে করে টেকনাফ থেকে ফেনীতে ইয়াবা পাচারের খবর পেয়ে রাতে ব্রিজঘাট এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
ট্রাকটি আটক করে তল্লাশি চালানো হলে ট্রাকের নিচে সেই ‘বিশেষ চেম্বারে’ লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবা পাওয়া যায় বলে গোয়েন্দা কর্মকর্তা হুমায়ন জানান।
তিনি বলেন, এ ঘটনায় গ্রেপ্তার চালক-সহকারী ছাড়াও ট্রাক মালিক মো. জসীমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।
