কুইজ শো ‘বাংলাদেশ জিজ্ঞাসা’র লিখিত পরীক্ষা শুক্রবার
ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের আয়োজনে কুইজ শো ‘বাংলাদেশ জিজ্ঞাসা’র চট্টগ্রাম অঞ্চলের লিখিত পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বিকাল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজিয়েট স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান মামুন আবদুল্লাহ বলেন, সারাদেশে প্রাথমিকভাবে অনলাইনে ৭৫ হাজার জন এ শোতে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্য থেকে অনলাইনে পরীক্ষায় উত্তীর্ণ আট হাজার জনকে লিখিত পরীক্ষায় অংশ নিতে ডাকা হয়েছে।
চট্টগ্রামসহ দেশের আটটি বিভাগ থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া আটজন করে ৬৪ জনকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মনোনীত করা হবে।
শুক্রবার রাত আটটায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নাম জানানে হবে।
আগামী ১২ অক্টোবর থেকে প্রতি শুক্র ও শনিবার রাত দশটায় ‘বাংলাদেশ জিজ্ঞাসা’র চূড়ান্ত পর্বে তারা অংশ নেবেন বলে জানান মামুন আবদুল্লাহ।
কুইজ শোতে চূড়ান্ত বিজয়ী পাবেন এক কোটি টাকা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রানার আপ পাবেন যথাক্রমে ২৫, ১৫ ও পাঁচ লাখ টাকা।
ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের এ আয়োজনে থাকছে আইএফআইসি ব্যাংক। বুধবারের সংবাদ সম্মেলনে আইএফআইসি ব্যাংকের ইভিপি ও আগ্রাবাদ শাখার প্রধান ইকবাল পারভেজ চৌধুরী উপস্থিত ছিলেন।
