চট্টগ্রামে ‘ছিনতাইকারী চক্রের’ আট সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকা থেকে এক ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মো. মহসীন মঙ্গলবার বলেন, সিআরবি এলাকায় বেড়াতে আসা শিক্ষার্থীদের ‘টার্গেট করে’ ছিনতাই চালিয়ে আসছিল ওই চক্রের সদস্যরা।
সোমবার এক কলেজ শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হওয়ার পর তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
গ্রেপ্তাররা হলেন- মাহমুদুর রহমান মাহিম (১৮), সাজ্জাদ হোসেন হৃদয় (১৮), মেহেদী হাসান রবিন (১৯), আহাদুল ইসলাম রায়হান (২০), মো. ইউসুফ (২০), গোলাম হাসান (১৮), ইয়ামিন হোসেন (১৯) ও হাবিবুর রহমান হৃদয় (২০)।
ওসি মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে সিটি কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী আরাফাতুর রহমান শামীম তার দুই বন্ধুর সঙ্গে সিআরবি এলাকায় বেড়াতে আসেন।
“ছিনতাইকারীরা তাদের ছোরার ভয় দেখিয়ে একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। শামীম পরে তার বন্ধুদের নিয়ে এক ছিনতাইকারীকে কৌশলে ঘটনাস্থলের কাছে কদমতলী ফলমণ্ডি এলাকা থেকে আটক করে।”
এরপর সিআরবি এলাকায় অভিযান চালিয়ে ওই ছিনতাইকারী দলের বাকি সদস্যদের গ্রেপ্তার করা হয় জানিয়ে ওসি বলেন, তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি এবং একটি ছোরা উদ্ধার করা হয়।
নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছিনতাইকারী চক্রটি নগরীর সিআরবি, হল২৪, কাজীর দেউড়ি ও ডিসি হিল এলাকায় দিনের বেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের ‘টার্গেট’ করত।
“টার্গেটকে তারা বলত ‘মুরগি’। যেসব শিক্ষার্থীর হাতে দামি স্মার্ট ফোন দেখা যেত মূলত তাদেরই টার্গেট করা হত।”
যেভাবে তারা ছিনতাই করত সেই বিবরণ দিতে গিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “ছিনতাইকারীদের মধ্যে একজন টার্গেটের কাছে যায়। পাশাপাশি আরও দুজন সেখানে অবস্থা নয় এবং বাকি পাঁচজন একটু দূরে থাকে।
“প্রথমে একজন গিয়ে টার্গেটকে বলে- তুমি মোবাইলে আমার বড় ভাই বা বোনের ছবি তুলেছ। মোবাইলটা দাও। এই বলে দ্রুত মোবাইলটা ছিনিয়ে নেয়। পাশাপাশি থাকা দুজন এ সময় টার্গেটকে ধমক দেয় এবং ভয়ভীতি দেখায়।”
“ঘটনার শিকার শিক্ষার্থী চিৎকার করে লোকজন ডাকার চেষ্টা করলে দলের অন্যরা তাকে ঘিরে ধরে যাতে মোবাইল ছিনিয়ে নেওয়া ছিনাতাইকারী পালিয়ে যেতে পারে।”
গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
