চবিতে শর্ত দিয়েও ছুটি না দিয়ে গবেষণা নিবন্ধন বাতিল
পিএইচডি কোর্সে এক বছর ছুটি নেওয়ার শর্ত দেওয়ার পর সেই ছুটি মঞ্জুর না করে উল্টো এক শিক্ষকের গবেষণা নিবন্ধন বাতিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক রাজপতি দাশ বলছেন, শর্ত পূরণের জন্য বারবার ছুটির আবেদন করেও তা তিনি পাননি। অথচ ছুটি না নেওয়ার কারণ দেখিয়েই তার পিএইচডি নিবন্ধন বাতিল করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করেছিলেন রাজপতি দাশ। সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. সুপ্তিকণা মজুমদারের অধীনে তার গবেষণার বিষয় ছিল ‘প্রাচীন বাংলার প্রশাসনিক কাঠামো: প্রেক্ষিত সংস্কৃত শাসনপত্র (খ্রিস্টপূর্ব ৩য় খ্রিস্টীয় ১৩ শতক)’।
ওই বছর ২৬ মে রেজিস্ট্রার অফিস থেকে রাজপতির পিএইচডি কোর্সে ভর্তি অনুমোদন করে তাকে চিঠি দেয়া হয়। সেখানে বলা হয়, পিএইচডি কোর্সের দুই বছরের মধ্যে যে কোনো এক বছর তাকে ছুটি নিতে হবে। বিভাগীয় পরিকল্পনা কমিটির মাধ্যমে ছুটি শুরুর তিন মাস আগে রেজিস্ট্রার অফিসকে বিষয়টি অবহিত করতে হবে।
সে অনুযায়ী ২০১৭ সালের ২৩ মে রাজপতি দাশ কোর্সের শেষ বছরে ছুটির আবেদন করে বিভাগীয় পরিকল্পনা কমিটিকে চিঠি দেয়। ১১ জুলাই কমিটির ২৭তম সভায় ছুটি মঞ্জুরের সুপারিশ করা হয়।
রাজপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছুটি চেয়ে দরখাস্ত করার পর সাড়া না পেয়ে একই বছরের ২ নভেম্বর বিভাগীয় পরিকল্পনা কমিটির মাধ্যমে রেজিস্ট্রার বরাবরে আবার চিঠি দেন তিনি। ৫ নভেম্বর কমিটির ২৯তম সভায় ছুটি মঞ্জুরের জন্য রেজিস্ট্রারকে সুপারিশ করা হয় বিভাগের পক্ষ থেকে।
বিভাগীয় পরিকল্পনা কমিটির সুপারিশ পেয়ে ২৬ নভেম্বর উচ্চ শিক্ষা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার দেলোয়ার হোসেন সংস্কৃত বিভাগের কতজন শিক্ষক শিক্ষা ছুটিতে আছেন তা জানতে চেয়ে বিভাগীয় সভাপতিকে আরেকটি চিঠি পাঠায়। ৩১ ডিসেম্বর বিভাগের পক্ষ থেকে জানানো হয়, কোনো শিক্ষক শিক্ষাছুটিতে নেই।
রাজপতি বলেন, “বিভাগ থেকে চিঠি পাঠানোর পরও কোনো সাড়া না পেয়ে আমি গত ১ ফেব্রুয়ারি আবারও রেজিস্ট্রার দপ্তরে চিঠি দিই। ১৫ ফেব্রুয়ারি আমাকে বলা হয়, ‘শিক্ষাছুটি বিধি’ অনুযায়ী আমার ছুটি মঞ্জুরের সুযোগ নেই।”
এরপর ৮ এপ্রিল আরেক চিঠিতে রাজপতিকে জানানো হয়, পিএইচডি প্রোগ্রামে ভর্তির প্রথম দু বছরের মধ্যে যে কোনো একবছর ছুটি নেওয়ার বাধ্যবধকতার শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় তার পিএইচডি নিবন্ধন বাতিল করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও গবেষণা) দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো শিক্ষক স্থায়ী হোক, বা অস্থায়ী, তাকে দুই বছরের মধ্যে যে কোনো একবছর ছুটি নিতেই হবে।”
আবেদনের পরও কেন ছুটি দেওয়া হয়নি জানতে চাইলে দেলোয়ার বলেন, “আমি অসুস্থতার জন্য ছুটিতে আছি। কয়েক সপ্তাহ অফিস করতে পারছি না। এ বিষয়ে পরে বলতে পারব।”
ভর্তি বাতিলের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরীক্ষার ব্যস্ততার কথা বলে পরে যোগাযোগ করতে বলেন।
সংস্কৃত বিভাগের সভাপতি অধ্যাপক সুপ্তিকণা মজুমদার বলছেন, রাজপতির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মের সঙ্গে ‘সাংঘর্ষিক’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাজপতির ছুটি মঞ্জুরের জন্য বিভাগীয় পরিকল্পনা কমিটির সুপারিশ করা হয়েছিল। কিন্তু রাজপতি অস্থায়ী শিক্ষক হওয়ায় তার ছুটি মঞ্জুর করা হয়নি বলে রেজিস্ট্রারের দপ্তর থেকে জানানো হয়।
“বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছুটি না নেওয়ার কারণ দেখিয়ে তার পিএইচডি প্রোগ্রামের ভর্তি বাতিল করে সাংঘর্ষিক সিদ্ধান্ত দিয়েছে।”
রাজপতির সঙ্গে একই সেশনে ভর্তি হয়ে বিভাগের আরেকজন শিক্ষক ছুটি ছাড়াই পিএইডি করছেন জানিয়ে অধ্যাপক সুপ্তিকণা বলেন, “আমি মনে করি একজন শিক্ষককে এভাবে উচ্চশিক্ষায় বাধা দেয়া ঠিক হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার শিক্ষাজীবনে আঘাত করা হয়েছে।
