ব্যাডমিন্টন র্যাকেটের ব্যাগ থেকে মিলল অস্ত্র-গুলি
ব্যাডমিন্টন র্যাকেটের ব্যাগে অস্ত্র বহনের সময় চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে বাকলিয়া থানার শাহ আমানত হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ইউসুফ ওরফে তুফান (১৯) নগর পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইউসুফকে গ্রেপ্তার করে।
“এসময় তার হাতে থাকা ব্যাডমিন্টন র্যাকেটের ব্যাগ থেকে দেশীয় একটি একনলা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।”
ওসি প্রণব জানান, তুফানের বিরুদ্ধে বাকলিয়াসহ নগরীর বিভিন্ন থানায় কয়েকটি ছিনতাই মামলা আছে।
