চবির দুই শিক্ষককে বরখাস্তের পর পুনর্বহাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে সংস্কৃত বিভাগের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার আধা ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. শামসুল আলম বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন, “আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা ৩০ মিনিটে এ সংক্রান্ত একটি আদেশ (সাময়িক বরখাস্ত) ইস্যু করা হয়।
“কিন্তু তার আধা ঘণ্টার মধ্যেই কর্তৃপক্ষ প্রত্যাহারের আরেকটি আদেশ দিলে তা আবার প্রত্যাহার করা হয়।”
দুই শিক্ষক হলেন- সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. সুপ্তিকণা মজুমদার ও সহকারী অধ্যাপক শিপক কৃষ্ণ দেব নাথ।
শিপক কৃষ্ণ দেব নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষায় অনিয়মের অভিযোগটি সঠিক না হওয়ার কারণে আদেশ প্রত্যাহার করে প্রশাসন।”
বরখাস্তের আদেশে বলা হয়েছিল, সংস্কৃত বিভাগের পরীক্ষার কাজে অনিয়মের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও ৫১৬ তম সিন্ডিকেট সভার ৮ নম্বর সিদ্ধান্তে উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে ওই দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে জানতে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীকে বারবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
