চট্টগ্রামে ৫ পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা
সড়ক থেকে আটক করে অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা করেছেন এক আইনজীবী।
বৃহস্পতিবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে আইনজীবী রিগান আচার্য মামলাটি করেন।
আসামিরা হলেন- পটিয়া থানার এসআই খোরশেদ, এএসআই খাজু মিয়া, এএসআই মো. মাসুম, এএসআই মো. বশির এবং কন্সটেবল মো. হুমায়ুন।
১৭ সেপ্টেম্বর মধ্যরাতে ওই আইনজীবীকে সড়ক থেকে আটক করে সাড়ে আট হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
তবে পুলিশের পক্ষ থেকে দাবি, ওই আইনজীবীকে আটক করা হয়নি, তাকে মাতাল অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রিগান আচার্যের আইনজীবী মানস দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়া ও ঘুষ দাবির অভিযোগে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে করা অভিযোগ আদালত গ্রহণ করে সেটি তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন।
ঘটনার বিষয়ে রিগান আচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দিন রাতে বিশ্বকর্মা পূজা শেষে ধলঘাটের শ্বশুরবাড়ি থেকে বাকলিয়ায় ফেরার পথে ধলঘাট বাজারে গাড়ির জন্য দাঁড়িয়েছিলেন তিনি। একটি লেগুনা দেখতে পেয়ে থামানোর জন্য সিগন্যাল দিলে সেখান থেকে কয়েকজন পুলিশ সদস্য নেমে আসেন।
“একা পেয়ে তারা আমাকে আটকে জোরপূর্বক পকেটে থাকা সাড়ে ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। তারপর টানাহেঁচড়া করে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। গাড়িতে ১০-১২ জন পুলিশ সদস্য ছিল, তাদের মধ্যে ৩-৪ জন ছিল পোশাক ছাড়া। থানায় নেওয়ার পর আমাকে মুক্তি দেওয়ার জন্য একলাখ টাকা ঘুষ দাবি করে তারা।”
পরে আইনজীবী সমিতির নেতাদের হস্তক্ষেপে পরদিন বেলা সাড়ে ১২টার দিকে তাকে থানা থেকে দেওয়া হয় বলে তিনি জানান।
তবে এই অভিযোগ অস্বীকার করে পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাতাল অবস্থায় সড়কে পাওয়ার পর তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছিল। তাকে যে সেই রাতে ‘ওয়াশ’ করানো হয় তার ডাক্তারি সনদ আছে।
“গ্রেপ্তার করা হলে তো মামলাই দিতাম। আইনজীবী সমিতির নেতারা ফোন করার পর তার সামাজিক অবস্থান বিবেচনা করে কোনো মামলা করা হয়নি। মুচলেকা দিয়ে তিনি থানা থেকে সেদিন গিয়েছিলেন।
“উনার টাকা বা মোবাইল কিছুই খোয়া যায়নি। অভিযোগ যে কেউ করতে পারেন। অভিযোগের তদন্ত হোক।”
