১৩ হাজার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১২
চট্টগ্রামে বিভিন্ন স্থান থেকে মোট ১৩ হাজার ইয়াবা জব্দ এবং ১২ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
নগরীর মেরিনার্স রোড, পাঠানটুলি, চর চাক্তাই এবং ফিরিঙ্গি বাজার এলাকায় এসব অভিযান চালানো হয়।
রোববার বিকালে বাকলিয়া থানার মেরিনার্স রোডে অভিযান চালিয়ে
রহমত উল্লাহ (৩০), পারভীন আক্তার (২২), আবুল বশর (২৬) ও রাশেদা বেগম (২২) নামের চারজনকে মোট ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া অধিদপ্তরের চান্দগাঁও সার্কেলের পরিদর্শক লোকাশীষ চাকমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে তারা চট্টগ্রাম শহরে এসেছিলেন।
অন্যদিকে নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকায় অভিযান চালান অধিদপ্তরের পাহাড়তলি সার্কেলের কর্মকর্তারা।
সেখান থেকে মো. ইব্রাহিম (২৫) ও হামিনা আক্তার (২০) নামের দুইজনকে মোট দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
সন্ধ্যায় চর চাক্তাই এলাকা থেকে দুইশ ইয়াবাসহ আব্দুল করিম (২২) ও মর্জিনা আক্তার (১৮) এবং ফিরিঙ্গি বাজার এলাকার ছেনুয়ারা (৩০) ও ইয়াসমিন আক্তারকে (২১) গ্রেপ্তার করা হয় ৮০০ পিস ইয়াবাসহ।
বিকালে কোতোয়ালী থানার মেরিনার্স সড়ক থেকে মোট এক হাজার ইয়াবাসহ আবুল মঞ্জুর (৪০) ও নুরজাহান বেগমকে (৩৭) গ্রেপ্তার করা হয়।
এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সেবনের অভিযোগে সাত জনকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন অধিদপ্তরের মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ।
