ষোলশহরে গ্যাস পাইপে আগুন, দোহাজারীতে পুড়েছে দোকানপাট
চট্টগ্রাম নগরীর ষোলশহরে গ্যাস পাইপ ফুটো হয়ে আগুন ধরার পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন নাজির পাড়া এলাকার সড়কে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়াসার পাইপ লাইনে কাজ চলার সময় পাশের গ্যাস পাইপও কেটে যায়।
“প্রায় ৩০ ফুট গ্যাস গ্যাস পাইপের বিভিন্ন অংশে বুদবুদ আকরে গ্যাস বের হচ্ছিল। এতে আগুন লেগে যায়।”
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস, পুলিশ, ওয়াসা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ বিভিন্ন সরকারি সংস্থার লোকজন।
পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেন, “সন্ধ্যায় ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।”
অন্যদিকে সকাল ১১টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী বাজারে আগুনে দোকান ও পরিবহন মালিক সমিতির কার্যালয় পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম বলেন, রান্নার চুলা থেকে আগুন লাগে।
“আগুনে ১০টি সেমিপাকা দোকান এবং পরিবহন মালিক সমিতির দুটি অফিস পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
চন্দনাইশ, সাতকানিয়া, আনোয়ারা এবং পটিয়া স্টেশনের মোট ছয়টি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
