হালিশহরে ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
নগরীর হালিশহরে বিজিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের ভেতরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দুই শ্রমিক মারা গেছেন।
শনিবার সন্ধ্যা ছয়টার দিকে হালিশহরে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) দক্ষিণ রিজিয়ন হেড কোয়ার্টারে একটি দশতলা ভবনে কাজ করার সময় পড়ে যান দুই শ্রমিক।
নিহতরা হলেন, কিশোরগঞ্জের নিকলী উপজেলার আবু তাহেরের ছেলে মোহাম্মদ কাউসার (১৭) এবং মো. জসিমের ছেলে তোফাজ্জল হোসেন (১৮)।
হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দশতলা ভবনে কাজ করার সময় অসতর্কতায় পড়ে গিয়ে দুইজন গুরুতর আহত হন।
তাদের সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
