২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পর্দা উঠল দৃষ্টিনন্দন জাম্বুরি পার্কের

বন্দর নগরীতে প্রথম উদ্যান উদ্বোধন করে সেটি পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন পার্কটির উদ্যোক্তা গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2018, 08:48 PM

Updated : 11 Oct 2022, 12:36 PM

শনিবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদে জাম্বুরি পার্কের উদ্বোধন করেন মন্ত্রী।

পার্কের পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করতে নগরবাসীকে অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, “পার্কটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। রমনা পার্কে আগে সকাল বিকাল খাওয়া দাওয়া হত। বছরে ৩০টা মেলা হত।

“পরিবেশবাদীদের সাথে বসে সব বন্ধ করে দিয়েছি। সেখানে প্রকাশ্যে ধুমপান নিষেধ। যারা করেছে এমন ২৫০ জনকে কানে ধরে পাঁচ বার উঠাইছি বসাইছি।”

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, “এই পার্কে কেউ ধূমপান করতে পারবে না। এখানে আপনারা হাঁটবেন, স্বাস্থ্যকর পরিবেশে। এখানে বাদাম বা অন্য খাওয়া চলবে না।

“আমরা এখানে হাঁটব, হয়ত আমার প্রেমিকাকে নিয়েও হাঁটব, অসুবিধা নাই। আপনার প্রেমিকাকে নিয়ে হাঁটেন, কথা বলেন, কবিতা পড়েন কিন্তু বাদাম খাইয়েন না।”

এসময় দর্শক সারিতে হাসির রোল উঠলে মন্ত্রীও হেসে বলেন, “বাদাম খেলে পার্ক নষ্ট হয়ে যাবে।”

“শিশুরা পানি ভালোবাসে। তাই এখানে লেকের মত করেছি, সেটা গোসল করার জন্য নয়। আগে যা হয়েছে হয়ে গেছে, এখানে গোসল করা যাবে না।”

জাম্বুরি পার্কের পাশে ফুটবল, ক্রিকেট ও হকি মাঠ করা হবে বলেও জানান মন্ত্রী।

“পার্ক আপনারা পরিষ্কার রাখবেন। করতে পারলে আরও পার্ক হবে। বায়েজিদে আরেকটা তিন একর পার্ক হবে। অক্টোবরের মধ্যে কাজ শুরু করব। ডিসি হিলেও করব।”

জাম্বুরি পার্কটিতে প্রবেশ ফি থাকবে না বলে জানান তিনি।

প্রায় সাড়ে ১৮ কোটি টাকায় আগ্রাবাদে সরকারি কার্য ভবন এবং মা ও শিশু হাসপাতালের মধ্যবর্তী মাঠটিতে জাম্বুরি পার্ক গড়ে তোলা হয়েছে।

এর আগে জাম্বুরি মাঠ নামে পরিচিত এই মাঠটির একাংশে শাক-সবজি চাষ করত দখলদাররা। মাঠের একাংশে খেলাধুলা হলেও বাকিটা দখল হয়ে গিয়েছিল।

নবনির্মিত জাম্বুরি পার্কে আছে রঙিন জলের ফোয়ারা, ৫০ হাজার বর্গফুটের জলাধার, আট হাজার ফুট জগিং ট্র্যাক, উন্মুক্ত বসার স্থান, ক্লোজ সার্কিট ক্যামেরা এবং নারী-পুরুষের জন্য আলাদা শৌচাগার।

প্রায় সাড়ে আট একর জমির উপর পার্কটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের শুরুতে।

ইতিমধ্যে পার্কের স্থাপত্য শৈলী নগরবাসীর নজর কেড়েছে। উদ্বোধনের বিকালেই কয়েক হাজার দর্শনার্থী সেখানে জড়ো হন।

অনেকে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে আসেন পরিত্যক্ত মাঠ থেকে উদ্যানে পরিণত হওয়া জাম্বুরি পার্কে।