২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের রাউজানে ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2018, 01:19 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

শুক্রবার ভোরে উপজেলার পাহাড়তলি ইউনিয়নের ঊনসত্তর পাড়ার সিরাজ কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাহাড়তলি ইউনিয়নের খান পাড়া এলাকার ইউসুফ মেম্বার বাড়ির বাসিন্দা সাইফুল এবং মোক্তার।

স্থানীয়দের বরাত দিয়ে পাহাড়তলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঊনসত্তর পাড়ার সিরাজ কলোনির একটি বাড়িতে ভোরে ডাকাতরা হানা দেয়।

“বাড়ির দরজা ভাঙার সময় মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তখন স্থানীয় লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া দেয়।”

চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, পালিয়ে যাওয়ার সময় মোক্তার ও সাইফুল পুকুরে পড়ে যায়। স্থানীয়রা সেখানে তাদের আটকে ফেলে পিটুনি দেয়।

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার এসআই রতন কান্তি দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণপিটুনিতে দুইজন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। সেখানে লোক পাঠানো হয়েছে।”

চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, মোক্তার কিছুদিন আগে একটি মামলায় সাজা খেটে জেল থেকে ছাড়া পেয়েছেন। তাদের দুজনের বিরুদ্ধেই এলাকায় চুরি-ডাকাতির অভিযোগ ছিল।